রামুতে বর্ণিল আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী’২৫ উদ্বোধন
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কক্সবাজারের রামুতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।
২৬ নভেম্বর সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরফানুল হক চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন।
এবারের প্রাণীসম্পদ সপ্তাহে প্রতিদিন ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে সচেতনতা, সেবা ও প্রযুক্তি বিস্তারের লক্ষ্য রাখা হয়েছে—
প্রথম দিন: প্রাণিসম্পদ প্রদর্শনী,দ্বিতীয় দিন: বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক বিতরণ
তৃতীয় দিন: ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা কার্যক্রম
চতুর্থ দিন: ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প
পঞ্চম দিন: ফ্রি স্কুল ফিডিং কার্যক্রম,ষষ্ঠ দিন: তারুণ্যের ভাবনা নিয়ে বিশেষ আলোচনা সভা,সপ্তম দিন: সমাপনী অনুষ্ঠান
উদ্বোধনের পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উচ্ছ্বাস, অংশগ্রহণ আর সচেতনতামূলক বার্তায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো উপজেলা।পরে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রতিটি স্টল ছিল ভিন্ন ভিন্ন উপকরণে সমৃদ্ধ—গবাদিপশু, গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কোয়েল, ডিম, দুগ্ধজাত পণ্য, ওষুধ সামগ্রী, খড় কাটার মেশিন, কাঁচা ঘাসসহ কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তি-পণ্য।
স্থানীয় উদ্যোক্তারা বলেন“এ ধরনের প্রদর্শনী আমাদের উৎপাদন, বাজারজাতকরণ ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা বাড়ায়। ভবিষ্যতে রামুর প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে এটি অনুপ্রেরণার কাজ করবে।”
বিকেলে উপজেলা পরিষদের বাঁকখালী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরফানুল হক চৌধুরী। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মোতালেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আজিজা আক্তার ঝিনুক।
সভায় বক্তব্য রাখেন—ডেইরি এসোসিয়েশন ও দুগ্ধ উৎপাদনকারী দল, রামুর সভাপতি আকতার কামাল,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবীর,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেবনাথ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন শরীফ,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন,আবাসিক প্রকৌশলী (বিউবো) এস.এম মঈনুল ইসলাম,রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—এসএএলও নাছির আহাম্মদ, এসএএলও সুভাষ দে, ভিএফএ শাহাদাত করিম, ভিএফএ তপন চৌধুরী, ভিএফএ মিছবাহ উদ্দিন, ড্রেসার মোঃ ফজলুল হক, এলএফএ পার্থ প্রকাশ রায়, এলএফএ মোঃ পারভেজ প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন ডেইরি ক্যাটাগরি – ১ম: খামারী কফিল উদ্দিন,পোল্ট্রি ক্যাটাগরি-১ম:তাহের পোল্ট্রি ফার্ম, প্রযুক্তি ও প্রাণীজাত দ্রব্য ক্যাটাগরিতে – ১ম: নিউ মুসলিম সুইটস
সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহের এই আয়োজনে রামু উপজেলার খামারী, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণিসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা ও প্রযুক্তির সাথে পরিচিত হয়েছেন।দেশীয় জাতের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত উন্নয়ন—এই তিন লক্ষ্যকে সামনে রেখে রামুর প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সকলের।

আপনার মতামত লিখুন