খুঁজুন
, ,

মস্তিস্কে অক্সিজেন স্বল্পতা হাদির, অবস্থা আশঙ্কাজনক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:১২ অপরাহ্ণ
মস্তিস্কে অক্সিজেন স্বল্পতা হাদির, অবস্থা আশঙ্কাজনক
শেয়ার করুন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। ফলে শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার বেলা ১২টার দিকে হাদি চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড বসে। সেখানে সব সদস্যই উপস্থিত ছিলেন। বোর্ডের চিকিৎসকরা এ সিদ্ধান্তে উপনীত হন।

ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বোডের প্রধান ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের বরাত দিয়ে হাদীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারী বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।

ডা. আহাদ বলেন, হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট খুবই খারাপ এসেছে। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে, সেই সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন স্থানে রক্ত ছিটিয়ে রয়েছে। অর্থাৎ ক্লিনিক্যাল কোনো উন্নতি নেই, খবস্থা এখনো খুবই আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ফুসফুস আগের মতই আছে। লাইফ সাপোর্ট দিয়ে শ্বাস প্রশাস চলছে। কিডনিও কাজ করছে। মূল সংকট এখন মস্তিষ্কের ইস্যু।

গত শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পৌঁছলে, পেছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়।

গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। উন্নত চিকিৎসার আশায় একই দিন রাত সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ারে হাসপাতালে নেয়া হয়

উখিয়ায় পাহাড় কাটার অভিযোগে মাটিভর্তি ডাম্পারসহ আটক ১

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
উখিয়ায় পাহাড় কাটার অভিযোগে মাটিভর্তি ডাম্পারসহ আটক ১
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার কাজে ব্যবহারের অভিযোগে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাম্পারটির চালক আবুল কাশেমকে আটক করা হয়।

 

সোমবার ভোরে উখিয়া বন রেঞ্জের আওতাধীন হলদিয়া পালং বনবিটের পশ্চিম হলদিয়া পালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল পশ্চিম হলদিয়া পালং এলাকায় অভিযান চালায়। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, ইসমাইল, ইলিয়াস ও আলীসহ বন বিভাগের একদল কর্মী অংশ নেন।

 

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়। একই সময় পাহাড় কাটার কাজে ডাম্পারটি ব্যবহারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর চালক আবুল কাশেমকে আটক করা হয়। তিনি পশ্চিম হলদিয়া পালং এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

 

বন বিভাগের কর্মকর্তারা জানান, উখিয়ার বিভিন্ন এলাকায় পাহাড় কাটা ও সরকারি বনভূমি থেকে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাহাড় কেটে মাটি পরিবহনের মাধ্যমে পরিবেশ ও বনসম্পদের ক্ষতি করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান মাটিভর্তি ডাম্পার জব্দ ও চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড় কাটার অভিযোগে জব্দ করা ডাম্পারটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।

 

স্থানীয়দের অভিযোগ, উখিয়ার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কিংবা ভোররাতে পাহাড় কেটে মাটি পরিবহনের ঘটনা ঘটছে। এতে পাহাড় ও বনভূমি ধ্বংসের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পাহাড় কাটা বন্ধে বন বিভাগের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

 

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনভূমি, পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা মাটি পরিবহনে ব্যবহৃত যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেনে কক্সবাজার যাবেন ১০ উপজেলার মানুষ, কোন স্টেশনে কত আসন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
ট্রেনে কক্সবাজার যাবেন ১০ উপজেলার মানুষ, কোন স্টেশনে কত আসন
শেয়ার করুন

দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেনে পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। তবে পথে রেললাইন ও স্টেশন থাকলেও অনেক এলাকার মানুষের সেই ট্রেনে ওঠার সুযোগ ছিল না। তাদের এলাকার ওপর দিয়ে ট্রেন ছুটে যেত কক্সবাজারের পথে, অথচ সেই ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ ছিল না। এবার সেই আক্ষেপ ঘুচছে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণ করে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে কক্সবাজার পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে নতুন করে ১০টি উপজেলার যাত্রীরা নিজ এলাকার কাছের স্টেশন থেকেই সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

নতুন এই ব্যবস্থায় নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। তাদের আর কক্সবাজার যাওয়ার ট্রেন ধরতে ঢাকার দিকে আসা কিংবা চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না। নিজ এলাকার স্টেশন থেকে ট্রেনে উঠে চট্টগ্রাম হয়ে সরাসরি কক্সবাজার পৌঁছাতে পারবেন তারা।

 

২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রায় ৩৫ মাস পর মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের মধ্য দিয়ে কক্সবাজারে ট্রেনযাত্রার সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। আগে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা ট্রেনটি এখন চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাবে।

 

মহানগর এক্সপ্রেস নতুন করে যাত্রাবিরতি দেবে নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে। এ ছাড়া ট্রেনটি ঢাকার বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনেও যাত্রাবিরতি থাকবে।

ফেনীর বাসিন্দা গাজী রাজ্জাক হোসেন ঢাকা পোস্টকে বলেন, ফেনী থেকে সরাসরি রেলপথে কক্সবাজার যেতে পারা আমাদের জন্য খুবই আনন্দের। এটা ফেনীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। অনেক দেরিতে হলেও এ সুবিধা পেতে যাচ্ছি আমরা। তবে যাত্রী চাহিদা বিবেচনা করে আসন সংখ্যা (সাধারণ এবং কেবিন) আরও বাড়ালে আমাদের খুশির মাত্রা বেশি হতো। আশা করছি কর্তৃপক্ষ ফেনীবাসী এ দাবিটিও বিবেচনায় নেবেন।

 

নতুন রুট উদ্বোধন উপলক্ষ্যে আজ সোমবার রাত ৮টায় দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুরে) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

 

উদ্বোধন উপলক্ষ্যে সকালে ঢাকা ওয়াশপিটে রাখা মহানগর এক্সপ্রেসের রেক পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন দুপুরে ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালে মহানগর এক্সপ্রেসের রেক পরিদর্শন করেছি। কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনের রেক একেবারে প্রস্তুত আছে। আজ ট্রেন ছেড়ে যাওয়ার আগে ঢাকা রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী সার্বিক বিষয় নিয়ে জানাবেন।

 

dhakapost

 

কোন স্টেশন থেকে কক্সবাজারের জন্য কত আসন?

 

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলের সময় মহানগর এক্সপ্রেস (৭২২) ট্রেনে মোট ৭০৬টি এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে চলাচলের সময় মহানগর এক্সপ্রেস (৭২১) ট্রেনে ৭৩৬টি আসন থাকবে।

 

ট্রেনটিতে শোভন চেয়ার (নন-এসি), স্নিগ্ধা (এসি), এসি বার্থ (রাতে শুয়ে যাওয়ার আসন) ও এসি সিট (দিনে বসে যাওয়ার আসন) শ্রেণির আসনের কোচ থাকবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার। সপ্তাহে ছয় দিন ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় এবং কক্সবাজার থেকে সকাল ৯টায় ট্রেনটি ছেড়ে যাবে।

 

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ঢাকা ও বিমানবন্দর স্টেশন থেকে এসি বার্থের ১২টি, স্নিগ্ধার ২৫টি এবং শোভন চেয়ারের ৫০টি আসন বরাদ্দ থাকবে। নরসিংদী থেকে এসি বার্থের ২টি, স্নিগ্ধার ১৫টি ও শোভন চেয়ারের ৩০টি আসন থাকবে। ভৈরববাজার থেকে এসি বার্থের ২টি, স্নিগ্ধার ১৫টি ও শোভন চেয়ারের ৪০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

 

আশুগঞ্জ থেকে এসি বার্থের কোনো আসন থাকবে না। সেখান থেকে স্নিগ্ধার ৫টি ও শোভন চেয়ারের ১০টি আসন পাওয়া যাবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসি বার্থের ৪টি, স্নিগ্ধার ১৫টি ও শোভন চেয়ারের ৫০টি আসন থাকবে। আখাউড়া থেকে এসি বার্থের আসন না থাকলেও স্নিগ্ধার ১০টি ও শোভন চেয়ারের ২০টি আসন বরাদ্দ রয়েছে।

 

dhakapost

 

কসবা থেকে শুধু শোভন চেয়ারের ১০টি আসন থাকবে। কুমিল্লা থেকে এসি বার্থের ৪টি, স্নিগ্ধার ১৫টি ও শোভন চেয়ারের ৪৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। লাকসাম থেকে এসি বার্থের আসন না থাকলেও স্নিগ্ধার ৫টি ও শোভন চেয়ারের ১৫টি আসন থাকবে। নাঙ্গলকোট থেকে শুধু শোভন চেয়ারের ৫টি আসন বরাদ্দ রয়েছে।

 

ফেনী থেকে এসি বার্থের ২টি, স্নিগ্ধার ১৫টি ও শোভন চেয়ারের ৩০টি আসন পাওয়া যাবে। সর্বশেষ স্টপেজ চট্টগ্রাম থেকে এসি বার্থের ১০টি, স্নিগ্ধার ১০০টি ও শোভন চেয়ারের ১৫৫টি আসন বরাদ্দ থাকবে। এ ছাড়া বাকি আসনগুলো অন্যান্য গন্তব্যের যাত্রীদের জন্য বরাদ্দ।

 

অন্যদিকে, কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্টেশনের জন্য আসন বরাদ্দেও শ্রেণিভেদে পার্থক্য রয়েছে। চট্টগ্রামের জন্য এসি সিটের ২১টি, স্নিগ্ধার ৬০টি ও শোভন চেয়ারের ১২৫টি আসন থাকবে। ফেনীর জন্য এসি সিটের ৬টি, স্নিগ্ধার ২০টি ও শোভন চেয়ারের ৪০টি আসন বরাদ্দ রয়েছে।

নাঙ্গলকোটের জন্য এসি সিট ও স্নিগ্ধার কোনো আসন নেই; শোভন চেয়ারের ৫টি আসন থাকবে। লাকসামের জন্য এসি সিটের ৩টি, স্নিগ্ধার ১৫টি ও শোভন চেয়ারের ৫টি আসন বরাদ্দ রয়েছে। কুমিল্লার জন্য এসি সিটের ৬টি, স্নিগ্ধার ২০টি ও শোভন চেয়ারের ৫০টি আসন থাকবে।

 

কসবা থেকে এসি সিটের আসন না থাকলেও স্নিগ্ধার ৫টি ও শোভন চেয়ারের ১০টি আসন পাওয়া যাবে। আখাউড়া থেকে এসি সিটের ৩টি, স্নিগ্ধার ১০টি ও শোভন চেয়ারের ২০টি আসন বরাদ্দ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জন্য এসি সিটের ৬টি, স্নিগ্ধার ২০টি ও শোভন চেয়ারের ৬০টি আসন থাকবে।

 

আশুগঞ্জ থেকে এসি সিটের আসন না থাকলেও স্নিগ্ধার ১০টি ও শোভন চেয়ারের ১০টি আসন বরাদ্দ রয়েছে। ভৈরববাজার থেকে এসি সিটের ৬টি, স্নিগ্ধার ২০টি ও শোভন চেয়ারের ৩০টি আসন থাকবে। নরসিংদী থেকে এসি সিটের ৩টি, স্নিগ্ধার ২০টি ও শোভন চেয়ারের ৩০টি আসন বরাদ্দ রয়েছে। সর্বশেষ ঢাকা স্টেশনের জন্য এসি সিটের ১২টি, স্নিগ্ধার ২০টি ও শোভন চেয়ারের ৩০টি আসন থাকবে। বাকি আসনগুলো অন্যান্য গন্তব্যের জন্য বরাদ্দ।

 

dhakapost

 

বিভিন্ন স্টেশন থেকে কক্সবাজারের ভাড়া

 

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৫৮৩ কিলোমিটার। এ পথে মহানগর এক্সপ্রেসের শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৬৮৫ টাকা, স্নিগ্ধার ভাড়া ১ হাজার ৩১১ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৪০৮ টাকা।

 

নরসিংদী থেকে কক্সবাজারের দূরত্ব ৫১৮ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৬১০ টাকা, স্নিগ্ধার ১ হাজার ১৬৮ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ১৪৩ টাকা। ভৈরববাজার থেকে দূরত্ব ৪৮০ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৫৬৫ টাকা, স্নিগ্ধার ১ হাজার ৮১ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৯৮৮ টাকা।

 

আশুগঞ্জ থেকে কক্সবাজারের দূরত্ব ৪৫৪ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৫৩৫ টাকা, স্নিগ্ধার ১ হাজার ২৪ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৮৮৫ টাকা। ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরত্ব ৪৩৯ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৫১৫ টাকা, স্নিগ্ধার ৯৮৯ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৮২৭ টাকা।

 

আখাউড়া থেকে কক্সবাজারের দূরত্ব ৪১৯ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৪৯৫ টাকা, স্নিগ্ধার ৯৪৩ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৭৪৭ টাকা। কসবা থেকে দূরত্ব ৪০৩ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৪৭৫ টাকা, স্নিগ্ধার ৯০৯ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৬৭৮ টাকা।

 

কুমিল্লা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৭১ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৪৩৫ টাকা, স্নিগ্ধার ৮৩৪ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৫৫১ টাকা। লাকসাম থেকে দূরত্ব ৩৪৯ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৪১০ টাকা, স্নিগ্ধার ৭৮২ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৪৫৩ টাকা।

 

নাঙ্গলকোট থেকে কক্সবাজারের দূরত্ব ৩৩৪ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৩৯৫ টাকা, স্নিগ্ধার ৭৫৪ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৪০২ টাকা। ফেনী থেকে দূরত্ব ৩০৩ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ৩৫৫ টাকা, স্নিগ্ধার ৬৮৫ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ২৭৫ টাকা।

 

সর্বশেষ, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ২০২ কিলোমিটার। এ পথে শোভন চেয়ারের ভাড়া ২৪০ টাকা, স্নিগ্ধার ৪৫৫ টাকা এবং এসি বার্থের ভাড়া ৮৬৭ টাকা।

ইরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের কর্মকর্তারা, লক্ষ্য কী?

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
ইরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের কর্মকর্তারা, লক্ষ্য কী?
শেয়ার করুন

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে সোমবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরানে যাচ্ছেন। সেখানে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে তাদের বৈঠক করার কথা আছে।

 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের উপসচিব আলী বাঘেরি কানি বলেন, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন বৈঠকে অংশ নেবেন। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে তা জানাননি।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কানি বলেন, ‘স্থায়ী আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ হতে পারে।’ বিস্তারিত কিছু না জানিয়ে কানি বলেন, গত সপ্তাহে অসিম মুনিরের তেহরান সফরের সময় বৈঠকটির প্রস্তাব দেওয়া হয়েছিল।

 

সৌদি আরব বর্তমানে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। তুরস্ক-পাকিস্তানের সঙ্গে তারা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। অপরদিকে ইরানে নতুন করে হামলার প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন সময়ে রিয়াদ, আঙ্কারা, ইসলামাবাদ ও তেহরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসছেন।

মধ্যপ্রাচ্যে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া অস্থিরতা অবসানে এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। জ্বালানি পরিবহনের দুটি গুরুত্বপূর্ণ প্রণালি বর্তমানে ইরান ও মিত্রদের নিয়ন্ত্রণে। তেহরান হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি করে আসছে। অন্যদিকে, নৌপথে পাল্টা অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।