রাজবাড়ী আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি শাহিন শেখকে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজ্জাদ হোসাইন (২১) ও পরশ আলী শেখ ওরফে শান্ত (২০) ছাড়াও তিনজন কিশোর রয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণসহ চারটি মামলার আসামি শাহিন শেখকে গত শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত থেকে বের করে কারাভ্যানে তোলার সময় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুলিশ দ্রুত শাহিন শেখকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ২০২৪ সালের ৩০ আগস্ট সদর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, শাহিন শেখ ২০২২ সাল থেকে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন এবং গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

আপনার মতামত লিখুন