সারোয়ার তুষারের আসনে ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখতে জামায়াতের আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (সদর ও পলাশ উপজেলা) আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে দলটি। এই আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষার।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো এক চিঠিতে এ আবেদন করে জামায়াত। ফেসবুক স্ট্যাটাসে সারায়ার তুষার বিষয়টি নিশ্চিত করেন।
সিইসিকে দেয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়।
তবে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করা হয়।
এ নিয়ে সারোয়ার তুষার ফেসবুকে লিখেছেন, নরসিংদী-২ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন আমজাদ ভাই। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন দলীয় নির্দেশনা মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করতে চাইলেও অনাকাঙ্ক্ষিত কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। ফলে রিটার্নিং অফিসার তাকে প্রতীক বরাদ্দ করেন।
কিন্তু ১১ দলীয় জোটের একবাক্স নীতির প্রতিফলন ঘটানোর লক্ষ্যে জামায়াতের পক্ষ থেকে কমিশনে চিঠি দিয়ে জানানো হয়েছে এই আসনে জোটের চূড়ান্ত প্রার্থী ও প্রতীক যথাক্রমে সারোয়ার তুষার ও শাপলা কলি। কাজেই নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে যেন দাঁড়িপাল্লা না থাকে সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে জামায়াতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আশা করা যাচ্ছে, এতে অনেক জটিলতারই অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন