ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন
পালিয়ে যাওয়া স্বৈরশাসক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বিএনপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গতকাল জাতীয় নির্বাচনে বেসরকারি ফলাফলে কক্সবাজার-১ আসন থেকে বিএনপি প্রার্থী সালাহউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিনি বলেন, ‘আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।’
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু-নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। এ দেশের সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি।
তিনি বলেন, এরইমধ্যে জুলাই জাতীয় সনদ সই হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে। জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী, এই দেশকে মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর এবং জ্ঞাননির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশবাসীর সহযোগিতা চাই।

আপনার মতামত লিখুন