খুঁজুন
, ,

১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, বিমানবন্দর থেকেই রহস্যজনক মুক্তি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, বিমানবন্দর থেকেই রহস্যজনক মুক্তি
শেয়ার করুন

বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যান তারা। বিষয়টি একেবারেই গোপন রাখে কাস্টম কর্তৃপক্ষ।

 

 

 

গত আগস্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর তাদের সঙ্গে এ ঘটনা ঘটে। তবে আইন অনুযায়ী মামলার বিধান থাকলেও তা না করে রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেক্ষেত্রে মেহজাবীন থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি। তথ্য অনুযায়ী, বিএস-২১৮-এর একটি ফ্লাইটে এদিন ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন অভিনেত্রী মেহজাবীন, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সর্বোচ্চ ১ লিটার অ্যালকোহল বহন করতে পারবেন। কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন করা বেআইনি।

 

 

 

বিমানবন্দর কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় সাধারণত যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা আইন অনুযায়ী মামলা করে থাকেন। মেহজাবীনকে আটকের পর কাস্টমস কর্তৃপক্ষ নোটে উল্লেখ করে, যাত্রীরা কাস্টমস আইন ও যাত্রী ব্যাগেজ বিধিমালা লঙ্ঘন করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল বহন করেছেন। পরবর্তী আইনানুগ নিষ্পত্তির জন্য জব্দ পণ্য আটক রাখা হয়েছে। আটককারী কর্মকর্তা হিসেবে নোটে স্বাক্ষর করেছেন ডি শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার (এআরও) মো. মোতাকাব্বির আলী। নোটের রশিদ নং-ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০।

 

 

 

মো. মোতাকাব্বির আলী বর্তমানে কর্মরত রয়েছেন সিলেটে। তার সঙ্গে যোগাযোগ করা হলে এশিয়া পোস্টকে বলেন, কোনো বেআইনি ঘটনায় আটক করার পর কাস্টমসের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয়। মেহজাবীনের বেলায়ও সেটিই করেছিলাম। এরপর কী হয়েছে সে বিষয়ে আমি জানি না।

 

 

 

এই ঘটনায় আটককারী দুজন প্রটোকল কর্মকর্তার থেকেও কাস্টমস কর্তৃপক্ষ মুচলেকা নিয়েছে। মুচলেকায় তারা উল্লেখ করেছেন, ‘আমরা নিম্নস্বাক্ষরকারী দুজন অ্যাভিয়েশন সিকিউরিটি। ডিরেক্টর-২ স্যার প্রেরিত ম্যাসেজ অনুযায়ী বিএস-২১৮ ফ্লাইটে আগত তিন যাত্রী আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও শঙ্খ দাসগুপ্ত ব্যাংকক থেকে ঢাকা অবতরণ করে। প্রেরিত ম্যাসেজ অনুযায়ী আমরা প্রটোকল দিতে আসি। তাদের হাতব্যাগসহ গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষ ১৪ বোতল লিকার আটক করে। আটক মালামালের বিষয়ে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

 

 

 

বিষয়টি নিয়ে কথা বলতে মেহজাবীন, তার স্বামী আদনান আল রাজীব ও পরিচালক শঙ্খ দাসগুপ্তের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু এশিয়া পোস্ট এ বিষয়ে অনুসন্ধান করছে জানতে পেরে তিনজনের কেউই সাড়া দেননি। তাদের তিনজনেরই মোবাইল ফোনে কল ও এসএমএস দেওয়া হয়। এ ছাড়া মেহজাবীনের স্বামীর অফিসেও যোগাযোগ করা হয়। তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টি বুঝতে পেরে তিনিও সাড়া দেননি। পরে একটি অনুষ্ঠানে গিয়ে সরাসরি মেহজাবীনের সঙ্গে দেখা করে প্রশ্ন করতে চাইলে তিনি কোনো ব্যক্তিগত বিষয়ে অনুষ্ঠানে মন্তব্য করবেন না বলে জানান।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
শেয়ার করুন

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা রয়েছে।

 

সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

 

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

 

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

 

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আয়োজনে এসব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, যার মধ্যে অংশ নিয়েছিল ৫৪৮ জন ছাত্রী। মোট ১০২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের ৫৪৮জনকে ডেকে নিয়ে বাইসাইকেল উপহার দিচ্ছি।

এছাড়া যে প্রতিষ্ঠানে এই বাইসাইকেল প্রদানের আয়োজন করা হয়, তাদেরসহ প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। কেউ কেউ স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।