খুঁজুন
রবিবার, ১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন, ১৪৩২

দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা
শেয়ার করুন

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতর ধোঁয়াও দেখা যায়।

 

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা।

 

গতকাল শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরানি বাহিনী। তবে দুবাই বিমানবন্দরে কেন হামলা চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।

 

সংযুক্ত আরব আমিরাত হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।

 

সূত্র: আলজাজিরা

খামেনির মেয়ে ও নাতি নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ
খামেনির মেয়ে ও নাতি নিহত
শেয়ার করুন

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স আজ রোববার এ তথ্য জানিয়েছে।

 

তবে খামেনি নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেননি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন।

 

ইরানে অভিযান দীর্ঘ হতে পারে, আবার দুই-তিনদিনের মধ্যে শেষ হতে পারে

 

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।

 

সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”

 

সূত্র: রয়টার্স, এক্সিওস

ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
শেয়ার করুন

ইরানের দক্ষিণাঞ্চলের শহর মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১০৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। শনিবার সংঘটিত এ হামলার পর প্রথমে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছায় বলে জানানো হয়।

 

শহরটির গভর্নর রবিবার একদিনের শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে স্কুল ভবনের ভেতরে একাধিক মরদেহের ব্যাগ দেখা গেছে।

 

এদিকে দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে পৃথক হামলায় ১৮ জন বেসামরিক নিহত হয়েছেন বলে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে। এক স্বাস্থ্যকর্মীর বরাতে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই শিশু। ওই ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

 

হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগ ৭, বিএনপি ৪, জামায়াত ৬

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগ ৭, বিএনপি ৪, জামায়াত ৬
শেয়ার করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে তিনটি রাজনৈতিক ঘরানার প্যানেলের অংশগ্রহণে জমজমাট লড়াই হয়েছে। ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৭টি, জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ৬টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৪টি পদে জয় পেয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুই কেন্দ্রে ভোট গ্রহণ হয়। কেন্দ্র দুটি ছিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন।

সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন।

সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা তৃতীয় অবস্থানে থাকেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল করিম জয় নির্বাচিত হয়েছেন। এই প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী দেয় এবং ৪ জন জয়ী হন।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস এম জসিম জয় পান। এই প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী দেয় এবং ৬ জন বিজয়ী হন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন জয়লাভ করেন। এই প্যানেল ১৪ জন প্রার্থী দেয় এবং ৭ জন নির্বাচিত হন।

সমিতির মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে কক্সবাজার কেন্দ্রের ভোটার ৮৬১ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৭ জন। মোট ৮৯২টি ভোট কাস্ট হয়েছে। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন ভোট দেন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম রেজাউল করিম, সৈয়দ রাশেদ উদ্দিন ও মোস্তাক আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমদ, নূর আহমদ, আবু ছিদ্দিক, তাপস রক্ষিত, মোহাম্মদ সিরাজউল্লাহ, এ কে ফিরোজ আহমদ ও মোহাং আরিফ উল্লাহ।

জানা গেছে, ১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে এবার প্রথমবারের মতো রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হলো।

গত বছরের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে, জামায়াত সমর্থিত প্যানেল ৬টি পদে এবং আওয়ামী লীগ ঘরানার ২ জন প্রার্থী জয় পেয়েছিলেন। এবার ফলাফলে তিন পক্ষের মধ্যে তুলনামূলক ভারসাম্য দেখা গেছে।