ইরানে হা/ম/লার জন্য তদবির করেছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পকে একাধিকবার ফোন
শনিবার সকালে থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন।
এমন পরিস্থিতির মধ্যেই প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে এই হামলা শুরুর নেপথ্যে আছে সৌদি আরব। সৌদি যুবরাজের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগত ফোনে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন, যদিও প্রকাশ্যে তিনি কূটনীতির পক্ষে ছিলেন।
বিষয়টি সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক চার কর্মকর্তার উধ্দৃতি দিয়ে পত্রিকাটি এ খবর জানিয়েছে। অথচ গত জানুয়ারিতেই যুবরাজ বলেছিলেন যে, তিনি তার দেশের আকাশসীমা বা ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবেন না।
তিনি বলেছিলেন, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে সম্মান করবে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ওয়াশিংটন এবং তেহরানকে আহ্বান জানাচ্ছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, প্রকাশ্যে এমন কথা বলার পরও সৌদি যুবরাজ সম্প্রতি কয়েক সপ্তাহে ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার জন্য তদ্বির করেছিলেন। পাশাপাশি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেছিল ইসরায়েলও।

আপনার মতামত লিখুন