কুয়েতের ‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত!
কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত চালানো গুলিতে মার্কিন সামরিক বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সোমবার (২ মার্চ ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানে একটি অভিযানে নিয়োজিত থাকাকালীন সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটে।
বিধ্বস্ত হওয়া তিনটি যুদ্ধবিমানের মোট ছয়জন ক্রু সদস্য নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার সময় কুয়েতের আকাশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রকৃত কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিস্তারিতভাবে খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তথ্য পাওয়া মাত্র তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে শুরু করা উদ্ধার অভিযানের মাধ্যমে আহত ক্রুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৫ই মডেলের একটি যুদ্ধবিমান জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়ছে এবং একজন পাইলট প্যারাশুট ব্যবহার করে মাটিতে অবতরণ করছেন।

আপনার মতামত লিখুন