কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বুধবার (৪ মার্চ ) বাংলাদেশ সময় রাত পৌনে চারটার দিকে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। খবর আল জাজিরা
তারা বলেছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান দোহার দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এরমধ্যে একটি প্রতিরক্ষা মিসাইল দিয়ে প্রতিহত করা হয়। অপর একটি মিসাইল আল-উদেইদ ঘাঁটিতে সরাসরি আঘাত হানে।
এই ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এটি মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। তবে মিসাইল হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনস্যুলেট ভবনে ড্রোন হামলা করেছে ইরান। এ ঘটনায় ভবিনটির কাছে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘটনার পর কনস্যুলেটের আশপাশ এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা যাচাই করেছে বলে জানিয়েছে, সেগুলোতেও ঘটনাস্থলের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় একটি ড্রোন হামলার ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়। জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনায় কোনও ব্যক্তি আহত হননি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। সেখানে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন