চকরিয়ায় রাস্তা পারাপারের সময় টমটম ইবাইকের ধাক্কায় প্রাণ হারাল ব্যবসায়ী
কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির টমটম ইজিবাইক গাড়ির ধাক্কায় মীর মোশাররফ হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় নিজের দোকানের সামনের রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ব্যবসায়ী।
নিহত মোশাররফ হোসেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল্লাহ সিকদারপাড়ার মৃত মাহমুদুল হক চৌধুরী’র ছেলে এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর ভাতিজা। তিনি দীর্ঘদিন ধরে চকরিয়া জিদ্দাবাজার এলাকায় তারিন এন্টারপ্রাইজ নামের একটি হার্ডওয়্যার দোকান করতেন।
নিহতের বড় ভাই শওকত হোসেন বলেন, আমার ভাই মোশাররফ হোসেন পরিবার সদস্যদের নিয়ে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে বাসা থেকে চকরিয়ার জিদ্দাবাজারস্থ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান। সকাল নয়টার দিকে গাড়ি থেকে নেমে সড়ক পার হবার সময় একটি দ্রুতগতির টমটম গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিটকে পড়ে মোশাররফ।
এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চকরিয়ার জমজম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাররীক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে টমটট গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাঁর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ওসি বলেন, আইনী প্রক্রিয়া শেষে দুপুরে নিহতের মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন