খুঁজুন
শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৭ চৈত্র, ১৪৩২

ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
শেয়ার করুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত। উত্তর ও মধ্য ইসরাইলসহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সাইরেন বাজার পরপরই এই হামলার খবর আসে।

 

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না তাও স্পষ্ট নয় বলে জানায় রয়টার্স।

 

উল্লেখ্য, গত বছর ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়েও হাইফার এই তেল শোধনাগারে হামলা হয়েছিল।

 

বুধবার ভোরে ইসরাইল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র এবং এর একটি অংশ কাতারের।

 

সেই হামলার জবাবে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে।

 

ইরানের এই পাল্টা হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন ধরে গেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস কেন্দ্র হিসেবে পরিচিত।

 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

শিশু জিহাদ হ/ত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
শিশু জিহাদ হ/ত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
শেয়ার করুন

কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিশু জিহাদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্তে ভুক্তভোগীকে জীবিত পাওয়ায় মামলাটিকে তথ্যগত ভুল হিসেবে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

 

 

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবদুল নূর গণমাধ্যমকে জানান, মামলার এজাহার, অভিযোগপত্র এবং ভুক্তভোগীর জবানবন্দি পর্যালোচনায় দেখা গেছে— এটি হত্যা মামলা হিসেবে দায়ের হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। সে কেবল আহত হয়েছে এবং নিজেও আদালতে তা স্বীকার করেছে। এ অবস্থায় মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

 

 

মামলাটি দায়ের করেন জিহাদের বাবা জহিরুল ইসলাম রাজু। জুলাই গণ-অভ্যুত্থানে তার ছেলে নিহত হয়েছে দাবি করে শেখ হাসিনা ও আরও ১২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

 

তবে তদন্তে পুলিশ জানতে পারে, জিহাদ মারা যায়নি বরং বাসস্থান ও আর্থিক প্রলোভনে ছেলেকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদিয়ার রহমান প্রতিবেদনে উল্লেখ করেন, অন্যত্র আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

 

 

এ প্রেক্ষিতে আদালত মামলাটিকে তথ্যগতভাবে অসঙ্গত মনে করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

কক্সবাজারে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
কক্সবাজারে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ
শেয়ার করুন

কক্সবাজারে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে প্রায় দুইশত সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও পথশিশুর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। “শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বাদ আসর কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণের পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, কেরাত ও সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, ইফতার এবং মেহেদী ও আতর উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় কেন্দ্রের নিবাসী শিশুরা।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ফরহাদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর আকতার আলম, কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে একক ইসলামিক সংগীত পরিবেশন করেন নিবাসী শিশু জান্নাতুল মাওয়া মাহিয়া এবং দলীয় সংগীত পরিবেশন করেন তানিয়া আক্তার ও তার দল। এছাড়া “ইফতারের আনন্দ ভাগাভাগি করা” শিরোনামে শিশুদের পরিবেশিত ইসলামী নাটিকা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অতিথিরা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, ঈদুল ফিতরের মাহাত্ম্য এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। পরে কেরাত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিবৃন্দ শিশুদের মাঝে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী তুলে দেন। সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো. ইকবাল হোসাইন দোয়া মাহফিল পরিচালনা করেন।

ইফতার শেষে শিশুদের অংশগ্রহণে মেহেদী পরানো ও আতর ছিটানোর মধ্য দিয়ে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো কেন্দ্র প্রাঙ্গণ।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, “আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।”

ফাঁকা রাস্তায় ছিনতাইকারীর টানে রিকশায় থেকে পড়ে নারীর মৃত্যু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
ফাঁকা রাস্তায় ছিনতাইকারীর টানে রিকশায় থেকে পড়ে নারীর মৃত্যু
শেয়ার করুন

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় বসবাস করেন। সকালে তার স্ত্রী ব্যাটারিচালিত রিকশায় চড়ে ঈদের কেনাকাটা করতে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা মুক্তার হাতের ব্যাগ লক্ষ্য করে সজোরে টান দেয়। এতে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পিচঢালা রাস্তায় আছড়ে পড়েন এবং মাথায় ও কপালে প্রচণ্ড আঘাত পান।

 

 

 

ঘটনার পর পথচারী ও রিকশার অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার আশায় তাকে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল ও পরবর্তীতে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সবশেষে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে।

 

 

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথায় ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তুরাগ থানা পুলিশ জড়িতদের শনাক্ত ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।