ইরান যুদ্ধ শেষ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘শেষ করার’ কথা বিবেচনা করছে ওয়াশিংটন। ট্রাম্পের এ ঘোষণার দিন শনিবার (২১ মার্চ) ইরান ও ইসরায়েল একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে। পাশাপাশি, ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রেও হামলার খবর জানিয়েছে ইরানের গণমাধ্যম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে তাদের বিশাল সামরিক প্রচেষ্টার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, প্রায়-বন্ধ হওয়া হরমুজ প্রণালীর পাহারায় এখন অন্যান্য দেশগুলোকে নেতৃত্ব দেওয়া উচিত।
এ নৌপথের সংকটের কারণে ইতোমধ্যেই বিশ্বব্যাপী এক জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন, হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোকেই এর সুরক্ষা ও পাহারার ব্যবস্থা করতে হবে, যুক্তরাষ্ট্রের তা করার কথা নয়। তবে অনুরোধ করা হলে যুক্তরাষ্ট্র এসব দেশকে সাহায্য করবে, যদিও ইরানের হুমকি নির্মূল হয়ে গেলে আর তার প্রয়োজন পড়বে না।
এদিকে, চতুর্থ সপ্তাহে পদার্পণ করা এ যুদ্ধ নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের পরস্পরবিরোধী বার্তার কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশগুলো এর যথাযথ জবাব দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ট্রাম্প একদিকে যেমন ইরানের হুমকি নির্মূলের কথা বলে যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে ঠিক একই সময়ে মার্কিন মেরিন সেনা ও ভারী সামরিক যানগুলোকে ওই অঞ্চলের দিকে অগ্রসর হতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের এই নতুন সামরিক তৎপরতার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন