খুঁজুন
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র, ১৪৩২

পর্যটকের ঢলে চাঙ্গা কক্সবাজার: এক সপ্তাহেই ৫৮০ কোটি টাকার বাণিজ্য

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
পর্যটকের ঢলে চাঙ্গা কক্সবাজার: এক সপ্তাহেই ৫৮০ কোটি টাকার বাণিজ্য
শেয়ার করুন

জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার আবারও প্রাণ ফিরে পেয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে টানা ছুটিতে সমুদ্র সৈকতজুড়ে নেমেছে পর্যটকদের ঢল। এতে চাঙ্গা হয়ে উঠেছে পুরো পর্যটন খাত।

 

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঈদের ছুটির শুরু থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রায় ৫ লাখ ৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এ সময়ে পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রায় ৫৮০ কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ২৮ মার্চের মধ্যে পর্যটকের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে এবং বাণিজ্যের পরিমাণ ৬০০ কোটি টাকার বেশি হতে পারে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্ট—লাবণী, সুগন্ধা ও কলাতলী—সহ অন্যান্য পর্যটন স্পটে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বসন্তের মনোরম আবহাওয়ায় সূর্যাস্ত উপভোগ ও সাগরের নোনাজলে গোসল করতে ভিড় করছেন দেশি-বিদেশি পর্যটকরা।

 

সৈকতে দায়িত্ব পালনরত সি-সেইফ লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টো জানান, সমুদ্রের প্রতিটি পয়েন্টেই পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ডরা সতর্ক অবস্থানে কাজ করছেন।

 

অন্যদিকে, হোটেল-মোটেল জোন ও আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বড় বাসগুলো টার্মিনালে অবস্থান করলেও মাঝারি ও ব্যক্তিমালিকানাধীন গাড়ি শহরে প্রবেশ করায় ভোগান্তি বেড়েছে। বাইপাস সড়ক, কলাতলী ডলফিন মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট ও মানুষের চাপ স্পষ্ট।

 

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে। মাঠে রয়েছে র‌্যাব সদস্যরাও। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় রয়েছে।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি মোহাম্মদ কেফায়েত উল্লাহ জানান, ঈদকে কেন্দ্র করে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের অধিকাংশ কক্ষ ঈদের সপ্তাহখানেক আগেই বুকিং হয়ে যায়। পর্যটন স্পটগুলো সিসিটিভির আওতায় এনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

হোটেল ব্যবসায়ী আবদুল কাদের মিশু বলেন, “পর্যটকরাই আমাদের মূল চালিকাশক্তি। উন্নত সেবা নিশ্চিত করে কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে তুলতে আমরা কাজ করছি।”

 

পর্যটন ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটি ও টানা ছুটির কারণে কক্সবাজারের পর্যটন এলাকা পূর্ণভাবে ব্যস্ত। হোটেল ও মোটেলে আগমনকারী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ব্যবসায়ীদের আশাব্যঞ্জক মনে হচ্ছে।

 

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল শুক্কুর জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও রমজান শেষে ঈদ ছুটিকে ঘিরে কক্সবাজারের পর্যটন খাত ও দেশের অর্থনীতিতে বড় ধরনের গতি এসেছে। ইতোমধ্যে প্রায় ৫৮০ কোটি টাকার পর্যটন ব্যবসার লেনদেন হয়েছে, যা আবাসন, পরিবহন, খাদ্য, ট্যুর সেবা, বিনোদন এবং খুচরা ব্যবসাসহ সব খাতকে সক্রিয় করেছে।

ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত হুথিরা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত হুথিরা
শেয়ার করুন

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো সময় যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় প্রয়োজন হলে সরাসরি সংঘাতে অবতীর্ণ হওয়ার জন্য তাদের সার্বিক সামরিক প্রস্তুতি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হুতির এক শীর্ষ নেতা জানিয়েছেন, তারা সব ধরনের বিকল্প নিয়ে সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান বেশ ভালো অবস্থানে রয়েছে এবং প্রতিদিন শত্রুদের পরাজিত করছে। তবে পরিস্থিতির যদি কোনো নেতিবাচক পরিবর্তন ঘটে, আমরা ঠিকই তা বুঝতে পারব।

 

 

 

তিনি আরও জানান, পুরো পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখছেন এবং সম্মুখ সমরে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় কখন, তা তারা সহজেই নির্ধারণ করতে পারবেন।

 

 

 

বিশ্লেষকদের মতে, হুতি গোষ্ঠী সরাসরি এ সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে একটি নতুন ফ্রন্ট তৈরি হবে। এক্ষেত্রে হুতিদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে ইয়েমেন উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি, যা সুয়েজ খালের অন্যতম প্রবেশদ্বার। এর ফলে হরমুজ প্রণালির পাশাপাশি এ গুরুত্বপূর্ণ জলপথটিতেও ইরানের পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হবে। ফলশ্রুতিতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ চরম হুমকির মুখে পড়বে এবং বৈশ্বিক জ্বালানি বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে।

 

 

 

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে হুতি বিদ্রোহীরা এই জলপথে চলাচলকারী তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে।

 

 

 

তথ্যসূত্র: আলজাজিরা

ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অবিশ্বাস্য দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

 

বৃহস্পতিবার রিপাবলিকান তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ‘আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ। আমি এটা চাই না।’

 

একই অনুষ্ঠানে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তিনি বলেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে এতটা জিতেছি যা আগে কেউ দেখেনি। তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে।’

 

তবে তেহরান এই আলোচনার দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজেই নিজের সঙ্গে আলোচনা করছেন? আমরা সবসময় বলে আসছি, আমাদের মতো মানুষ আপনাদের সঙ্গে কোনো চুক্তি করবে না। এখনো না। কোনোদিনও না।’

 

এদিকে পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানে একটি ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, হিজবুল্লাহসহ প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরান মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের একটি পাঁচ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে। এটি স্পষ্ট করা হয়েছে যে যুদ্ধ শেষ হবে ইরানের শর্তে।

 

সূত্র- ইন্ডিয়া টুডে

রাঙ্গামাটিতে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
রাঙ্গামাটিতে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস
শেয়ার করুন

রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উল্টে পড়েছে একটি বাস। ঈদের ছুটি শেষে চট্টগ্রামে ফিরছিলেন তারা। 

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা চট্টগ্রামে বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

 

রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, এ ঘটনায় আহত ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।