নাফ নদী থেকে ধরে নেওয়ার পর ট্রলারযোগে গভীর রাতে শাহপরীর দ্বীপে ফেরত
টেকনাফে অপহৃত ১৪ জেলে মুক্ত, নিজ বাড়িতে ফিরেছেন সবাই
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ১৪ জন বাংলাদেশি জেলে, যারা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন, তারা নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন।
জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) সকালে নাফ নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ এসব জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
পরে মঙ্গলবার (১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে একটি মাছ ধরার ট্রলারে করে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় এসে পৌঁছান।
মিয়ানমার থেকে ফিরে আসা মহিউদ্দিন নামের এক জেলে জানান, তিন দিন আটক রাখার পর তাদের ছেড়ে দেয় আরাকান আর্মি। তিনি অভিযোগ করে বলেন, “আমাদের ছেড়ে দেওয়ার আগে তারা বাংলাদেশি প্রশাসনের সঙ্গে যোগাযোগের অপেক্ষায় ছিল। কিন্তু কোনো যোগাযোগ না হওয়ায় ফিরে আসতে আমাদের ভোগান্তি পোহাতে হয়েছে।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত ছিলেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে আরাকান আর্মি ৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। এর আগে মিয়ানমার থেকে ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।

আপনার মতামত লিখুন