উখিয়ায় তিন পেট্রোল পাম্পে অনিয়ম: মোবাইল কোর্টে জরিমানা ২.৩৫ লাখ টাকা
কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেল মজুত ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। মোবাইল কোর্টের এ অভিযানে চারটি মামলায় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জ্বালানি তেলের মজুত, বিক্রয় রেজিস্টার এবং মিটার যাচাই করা হয়।
অভিযানের শুরুতে কুতুপালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে রেজিস্টার যাচাইয়ের সময় মিটারে গরমিল ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়।
পরে পালংখালীর মেসার্স ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি মজুতের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হলুদিয়া পালং এলাকার আরেকটি মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তথ্য গোপন, অতিরিক্ত তেল মজুত এবং মিটারে গরমিলের অভিযোগে দুটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ট্যাগ অফিসার, বিএসটিআই-এর প্রতিনিধি এবং স্থানীয়রাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন