খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

বিএসএফের গুলিতে সীমান্তে আবারও প্রাণ গেল বাংলাদেশি যুবকের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিএসএফের গুলিতে সীমান্তে আবারও প্রাণ গেল বাংলাদেশি যুবকের
শেয়ার করুন

নতুন সরকার ক্ষমতাগ্রহণের প্রথম মাসে সীমান্তে হত্যা ছিল শূন্যের কোঠায়। কিন্তু দ্বিতীয় মাসেই পাল্টে গেল চিত্র। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

 

 

সীমান্তে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তখন আবার নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে দিল্লি সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের সাতগ্রাম ক্যাম্প এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়।

 

 

ঘটনার পর সকাল সাড়ে ছয়টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। সেখানে বিএসএফ কর্তৃপক্ষ জানায়, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

 

তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি আলোচনায় থাকা অভিনেত্রী চমক।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।

 

 

সে সময় এক সাক্ষাৎকারে চমক গণমাধ্যমকে বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

 

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের।

 

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
শেয়ার করুন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে আর ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও।

পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে বলে মত দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারে।

 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।

৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময়ে পরীক্ষা দিচ্ছেন, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, স্বাভাবিক হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে। শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান, তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। শুধুমাত্র বানান কারেকশন আর কোনো কিছু পরিবর্তন না।

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এলাকাবাসী ওই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউল্লাহ ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

আজ সন্ধ্যায় তারা সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের ধরে ফেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং তাদের থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অস্ত্র ও গুলিসহ দুই যুবককে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।