শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘন্টা পর অনশন ভাঙলেন ৩ শিক্ষার্থী
জুলাই বিপ্লবের চেতনা রক্ষা ও গণভোটের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা তিনটায় জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন ভঙ্গ করেন। অনশন ভাঙার পরপরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
অনশনকারী শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ। জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ তিন দফা দাবিতে গত তিন দিন ধরে তারা এই আমরণ কর্মসূচি পালন করছিলেন।
অনশন চলাকালে সরকার বা বিরোধী দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনে শহীদদের পরিবার। আজ বিকেলে শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের পিতাসহ শহীদ পরিবারের সদস্যরা অনশনস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন ভাঙার অনুরোধ জানান।
শহীদ পরিবারের সদস্যরা এসময় শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, গণভোট বাস্তবায়নের দাবিতে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। পরে তাদের হাতে ডাবের পানি পান করে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেন।
উল্লেখ্য, টানা ৭২ ঘণ্টা অনশনে থাকায় শিক্ষার্থীদের শরীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। শহীদ পরিবারের অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের এই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং বিপ্লবের মূল লক্ষ্য অর্জনে তারা রাজপথে সক্রিয় থাকবেন।

আপনার মতামত লিখুন