খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

টেকনাফ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, রক্ষা পেলেন চার যাত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
টেকনাফ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, রক্ষা পেলেন চার যাত্রী
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি যাত্রীবাহী প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭টার দিকে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে গেলেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাড়িটি টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে হঠাৎ ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়ির চালক মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। জানা গেছে, ভস্মীভূত গাড়িটির মালিক টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আর ছড়াতে পারেনি।

জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির উদ্দিন চৌধুরী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির উদ্দিন চৌধুরী
শেয়ার করুন

জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী।

 

আজ রবিবার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

নাছির উদ্দিন চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে অনেক কথা শুনেছি। আমি বলতে চাই, জুলাই সনদ এটা আমাদের এক অংশের দাবি। শহিদ যারা হয়েছেন, মৃত্যুবরণ যারা করেছেন তাদেরকে স্মরণ না করলে এ সংসদ অপবিত্র হয়ে যাবে। সেজন্য আমি বলব, জুলাইয়ে যারা শহিদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

 

 

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ রক্তের বিনিময়ে যে গণতন্ত্র আমরা পাইনি, যে গণতন্ত্র আমাদের দেওয়া হয়নি-সেটি আমরা এই জুলাই সনদের মাধ্যমে আমরা অর্জন করেছি। আমরা অর্জন করেছি এবং এ দেশে বাস্তবায়ন হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশে এসেছে।

রাতে হবু স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন সম্রাট

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
রাতে হবু স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন সম্রাট
শেয়ার করুন

নিজ নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন সম্রাট বিশ্বাস নামে এক কনস্টেবল। তিনি খুলনা রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন। পরিবারের দাবি- দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে অস্ত্রাগারে দায়িত্বরত অবস্থায় সম্রাট নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে।

বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে সম্রাটের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের এলাকা।

পরিবার সূত্রে জানা গেছে, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সম্রাট সবার ছোট। বড় বোন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ও ছোট বোন মাস্টার্সে অধ্যায়নরত। ২০১৮ সালে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পান সম্রাট। চাকরিরত অবস্থায় প্রেমে জড়িয়ে পড়েন সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত নারী কনস্টেবল পুঁজা দাশের সঙ্গে। ছয় মাস আগে পরিবারের সম্মতিতে রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সামনের মাসে বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল তাদের। কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল সম্রাট ও তার স্ত্রীর মধ্যে। গতরাতে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয় সম্রাটের। মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন তিনি। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

সম্রাটের মামা সত্যজিৎ রায় বলেন, আমরা খবর পেয়ে খুলনা গিয়ে আমার ভাগ্নের মরদেহ হাসপাতালে পড়ে থাকতে দেখি। ৬ মাস আগে আমাদের সে জানায় সাতক্ষীরা পুলিশে চাকরি করে এক মেয়েকে সে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। পরিবারের একমাত্র ছেলে বলে আমরা আর কিছু না ভেবে দুই পরিবার থেকে রেজিস্ট্রি করে বিয়ে দেই। বিয়ের পর থেকে পরিবারে সে এক টাকাও দিত না। সব বউ নিয়ে যেত।

তিনি আরও বলেন, ওর সহকর্মীদের কাছ থেকে জানতে পারি প্রতিদিনই ওদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতরাতে ফোনে দুজনের মধ্যে রাগারাগি হয়। এরপরই এ ঘটনা ঘটিয়েছে।

সম্রাটের দুলাভাই বিপ্লব কুমার সেন বলেন, আমার শালাবাবু মা-বাবার সঙ্গে কোনো ঝামেলা ছিল না। পরিবারের একমাত্র ছেলে বলে যা বলতো পরিবার তাই মেনে নিত। ওই মেয়েকে বিয়ে করতে চেয়েছে পরিবার তাই মেনে নিয়েছে। স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন যাবৎ ওর ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর কারণেই ও আত্মহত্যা করেছে। এছাড়া আমরা আর কোনো কারণ খুঁজে পাই না। ওর সহকর্মীরাও বলেছে গতরাতে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিচার চাই।

খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।

দেশে মজুত থাকা গ্যাস ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
দেশে মজুত থাকা গ্যাস ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী
শেয়ার করুন

বর্তমানে দেশে যে পরিমাণ গ্যাস মজুত আছে তা দিয়ে ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রমে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এরমধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুত গ্যাসের পরিমাণ ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান কমবেশি দৈনিক ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট গ্যাস আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে।

সংসদে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, পেট্রোবাংলা কর্তৃক ৫০-১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মপরিকল্পনার আওতায় অদ্যাবধি ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কূপগুলো খনন এবং ওয়ার্কওভারের লক্ষ্যে কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলমান।

জ্বালানি মন্ত্রী আরও বলেন, বাপেক্স কর্তৃক সিসমিক সার্ভের আওতায় ব্লক-৭ ও ৯-এ প্রায় ৩৬০০ কিলোমিটারের ডেটা আহরণ করে উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ চলমান। বিজিএফসিএল কর্তৃক হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনার ১৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সিসমিক ডেটা আহরণের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বাপেক্স কর্তৃক ভোলার চরফ্যাশনের ৬৬০ বর্গকিলোমিটার এলাকায়, জামালপুরে ৬৫০ বর্গকিলোমিটার, বিজিএফসিএল কর্তৃক তিতাস, হবিগঞ্জ এবং নরসিংদী সংলগ্ন ৬৩২ বর্গকিলোমিটার এলাকায় এবং এসজিএফএল কর্তৃক লামিগাঁও, লালাবাজার, গোয়াইনঘাট, কৈলাশটিলা সাউথ এবং ফেঞ্চুগঞ্জ ওয়েস্ট স্ট্রাকচারে ৮৮২ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সিসমিক জরিপ সম্পাদনের নিমিত্তে পরিকল্পনা নেওয়া হয়েছে।