বিড়ালের মতো বাঁচতে চাই না; শত বছর, হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই: জামায়াত আমির
দেশের যেকোনো পরিস্থিতিতে আপসহীন থাকার ইঙ্গিত দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিড়ালের মতো বাঁচতে চাই না; শত বছর, হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই একসাথে। এর মাঝে আর কোনো আপস হবে না, ইনশাআল্লাহ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে যতবার জীবন দেওয়া প্রয়োজন, ততবার জীবন দিতেই থাকব।
বিদেশি হস্তক্ষেপ ও আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির আরও বলেন, আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র এই স্বাধীন দেশে আর বরদাস্ত করা হবে না।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, যাঁরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন, তাঁদের সেই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। ফ্যাসিবাদ ও তাদের দোসররা যেন আর কোনোদিন এ দেশের মানুষের ওপর চেপে বসতে না পারে, সে বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে।
বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ বা দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। কেউ কারও ওপর জুলুম করবে না।
জনগণের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। তিনি বলেন, বিগত দিনে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে একটি গোষ্ঠী ফায়দা লুটেছে। এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার। দেশপ্রেমিক সব শক্তি এক থাকলে কোনো পরাশক্তিই আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।

আপনার মতামত লিখুন