অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পিটুনি
নোয়াখালী জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় প্রচারে ব্যবহৃত দুটি মাইক অটোরিকশা থেকে খুলে নেন তাঁরা। এ ছাড়া কেড়ে নেওয়া হয় একটি অ্যামপ্লিফায়ার। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটির ওপরে মাইক দুটি বাঁধা ছিল। ভেতরে বসে ওই যুবক মাইকে স্লোগান দিতে থাকেন। শহরে পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দেন তিনি। স্লোাগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। তবে এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন। অটোরিকশাচালককেও চড়থাপ্পড় দেন তাঁরা। এরপর মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশাচালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই যুবকের নাম–পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রচারণায় ব্যবহৃত মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে।

আপনার মতামত লিখুন