খুঁজুন
রবিবার, ৩ মে, ২০২৬, ২০ বৈশাখ, ১৪৩৩

কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত এমপি কাজলপন্থীরা

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত এমপি কাজলপন্থীরা
শেয়ার করুন

কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে।

 

দলীয় একাধিক সূত্র জানায়, নবগঠিত কমিটিতে অনেক অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে এমপি কাজলপন্থী হিসেবে পরিচিত একটি বড় অংশের নেতাকর্মীরা নিজেদের বঞ্চিত দাবি করছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পরও তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

 

অন্যদিকে, অনেকেই দাবি করছেন নতুন কমিটির অধিকাংশ সদস্য সালাহউদ্দিন আহমেদ-এর অনুসারী। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

কমিটি ঘোষণার পর থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। অনেকেই লিখেছেন, ‘ত্যাগীদের মূল্যায়ন হয়নি’, ‘যোগ্যতার চেয়ে গ্রুপিং প্রাধান্য পেয়েছে’, এমনকি কেউ কেউ সরাসরি কমিটি পুনর্বিবেচনার দাবিও তুলেছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অসন্তোষ দীর্ঘমেয়াদে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বলছেন, একটি শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলতে হলে অভ্যন্তরীণ ঐক্য ও স্বচ্ছতার বিকল্প নেই। দলীয় নেতৃত্ব যদি দ্রুত এই অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে বিভাজন আরও গভীর হতে পারে।

 

তবে নতুন কমিটির নেতারা বলছেন, তারা সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান এবং সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবেন। তাদের দাবি, ব্যক্তিগত বা গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থেই কাজ করা হবে।

 

এদিকে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন।

ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খাঁনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

এতে আরও বলা হয়, উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া, সাংগঠনিক কাজে না পাওয়াসহ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’ আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’  আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব
শেয়ার করুন

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবুও আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। দল পরিবর্তনের কোনো ইচ্ছ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

 

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতিই নিবেদিত কি না- এমন প্রশ্নে সাকিবের সাফ উত্তর, “সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।”

 

 

বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তা আজীবন থাকবে না বলেই জানান সাকিব। তিনি বলেন, “এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।”

 

 

একটা সময় আওয়ামী লীগও বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে সাকিব বলেন, “এই ভুলটা যদি আমরা করে থাকি, ১০-১৫-২০ বছর আগের রাজনীতির সেই সময়ে দলের ভাবনা তো আমি জানি না, কিন্তু আমরা যদি এরকম ভুল করে থাকি, সেই ভুলেরও তো তাহলে এখন পুনরাবৃত্তি হচ্ছে! পরে যদি আবার অন্য কোনো দল ক্ষমতায় আসে বা আমরা আসি এবং পুনরাবৃত্তি করি, তাহলে এই খেলা তো চলতেই থাকবে। কাউকে না কাউকে এগুলো শেষ করতে হবে।”

এমপি কাজলপন্থীদের কেউ পায়নি ছাত্রদলের কমিটি, যোগদানের আহবান জানিয়ে তুষের আগুনে ঘি ঢালছে এনসিপি!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
এমপি কাজলপন্থীদের কেউ পায়নি ছাত্রদলের কমিটি, যোগদানের আহবান জানিয়ে তুষের আগুনে ঘি ঢালছে এনসিপি!
শেয়ার করুন

কক্সবাজারে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অভিযোগ উঠেছে, এমপি কাজল পন্থীদের এই কমিটিতে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক কারণেই তাদেরকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে, তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বাদ পড়া নেতাকর্মী ও তাদের সমর্থকরা পোস্ট ও মন্তব্যের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

অন্যদিকে, এই পরিস্থিতির মধ্যে নতুন একটি রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আলোচনায় থাকা কিছু নেতাকে এনসিপিতে (ন্যাশনাল সিটিজেন পার্টি) যোগদানের আহ্বান জানানো হয়েছে। কক্সবাজারের বিভিন্ন স্থানের এনসিপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের মাধ্যমে এসব নেতাকে তাদের দলে যোগ দিতে উৎসাহিত করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, ক্ষুব্ধ নেতারা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন এবং এর প্রভাব কক্সবাজারের ছাত্ররাজনীতিতে কতটা পড়ে।