খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

রাঙ্গামাটিতে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রাঙ্গামাটিতে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি
শেয়ার করুন

রাঙ্গামাটিতে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

 

সোমবার (৪ মে) জেলা শহরের কাঠালতলী এলাকায় বিএনপি অফিসের সামনে এই ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি অফিসের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন।

 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত। এর জেরে সোমবার দুপুরে ১২টার দিকে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি অফিসের সামনে ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা অবস্থান নেন।

 

পরে দুপুর আড়াইটার দিকে জেলা ছাত্রদলের নব কমিটির সভাপতি মো. অলি আহাদের সমর্থকরা গাড়িযোগে শোডাউন করার সময় দলীয় কার্যালয়ের সামনে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় সভাপতির পক্ষের কর্মী ও সমর্থকরা সরে পড়ে। তবে দুপুর ৩টার দিকে সভাপতি গ্রুপের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে দলীয় অফিসের সামনে আসলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

সর্বশেষ দুপুর সাড়ে ৩টার দিক এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির দলীয় অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সংঘর্ষ এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে দীর্ঘ আট বছর পর গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

কমিটি ঘোষণা করার পর কমিটিতে ঠাঁই না পাওয়া ছাত্রদলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে রোববার সকালে শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঠালতলীস্থ দলীয় অফিসের সামনে সড়কে অবস্থান নেন। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

 

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না ও মো. ইসহাক।

 

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুস শাকুর জাভেদকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোক্তার আহমেদ, পারভেজ হোসেন সুমন ও সাজিদ ইমতিয়াজ।

 

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে আবদুল আহাদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সানি আহমেদ সানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউপি এলাকায় অভিযান, আদালতে সোপর্দ

কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাইকারী দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন।

 

পুলিশ জানায়, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. আসিফুর রহমান (সিআর-৪৯৬/২৩, সাজাপ্রাপ্ত)

২. মোঃ তানভির চৌধুরী (জিআর-৩০৯/১৬)

৩. জাহেদ হোসেন (জিআর-৪৯১/১৮)

৪. কমলা বেগম (জিআর-৩২৪/২২)

৫. মোঃ হাসান (প্রসেস নং-৫৯৭০/২৩)

৬. মোজাম্মেল হক (সিআর-১১৭৫/২৫)

৭. আবুল কালাম ওরফে চিকন মাঝি (জিআর-৩৯১/২৪)

৮. মোঃ হোছন (সিআর-১২২৮/২৫)

৯. আবদুল গফুর (অর্থ জারী-২৬/২২)

১০. মধু কুমার শর্মা (অর্থ জারী-২৮/২০০৯)

১১. মোঃ জাহিদ হোসেন (জিআর-১৭১/১৫)

১২. নুর নাহার বেগম (জিআর-৬৯৯/২৫)

 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়
শেয়ার করুন

কেরালার রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বামদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করে এ জয় অর্জন করেন।

 

 

৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।

 

তবে এ বিজয়ের পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনী লড়াইয়ে জয়ী হন।

 

সব বাধা অতিক্রম করে পেরামব্রা আসনে তাহলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এ ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন
শেয়ার করুন

তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জিতেছেন সাবারিনাথন। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে।

সাবারিনাথনও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যোগ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিভিকে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০০টির অনেক বেশি আসনে জয়ের পথে আছে। আর সেই আসনগুলোর একটি বিরুগামবাক্কম। এটি চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং আবেগঘন একটি ঘটনা হিসেবেও দেখা হচ্ছে।

দলের ভেতরে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ ঘটনা তারই প্রকাশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজেন্দ্রনের ছেলে সবরিনাথন বিজয়ের প্রথম ছবি ‘নালাইয়া থিরপু’ থেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।