ছাত্রদলের কমিটিতে বৈষম্য: কঠিন বিচার সারাবিশ্ব দেখবে: মিজানুল আলম
কক্সবাজার জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনজুড়ে চলছে নানা সমালোচনা। এরই মধ্যে নবগঠিত কমিটিতে পদবঞ্চিত সভাপতি প্রার্থী মিজানুল আলম এক বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেন, সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটিতে “চরম বৈষম্য ও অন্যায়” করা হয়েছে এবং এর বিচার একদিন “মহান সৃষ্টিকর্তা” করবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ কমিটিকে ঘিরে কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক নেতিবাচক সমালোচনা হলেও দলীয় সিনিয়র নেতারা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন।
মিজানুল আলম তার স্ট্যাটাসে লেখেন,
“সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটিতে যে চরম বৈষম্য ও অন্যায় হয়েছে সেটার বিচার মহান সৃষ্টিকর্তা করবে। কক্সবাজারবাসীসহ এই বাংলাদেশ এবং পুরাবিশ্ব এই প্রকৃতির কঠিন বিচার দেখবে অতি শীঘ্রই।”
তিনি আরও বলেন, জেলা শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাদের কেউই এই “অন্যায় ও বৈষম্যের” বিরুদ্ধে প্রতিবাদ করেননি। তার ভাষ্যমতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কমিটি নিয়ে “সর্বোচ্চ নেতিবাচক সমালোচনা” চলছে।
স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন,
“নিজ দলের সিনিয়র নেতা চরম অন্যায় করলে তার প্রতিবাদ করতে না পারলে রাজনীতি করার কোনো অধিকার আপনাদের নেই।”
এছাড়া তিনি সতর্ক করে বলেন, দলের ভেতরে এমন বৈষম্য ও “ফ্যাসিবাদী আচরণ” চলতে থাকলে সাধারণ মানুষ এবং তৃণমূলের নেতাকর্মীরা অচিরেই দল থেকে মুখ ফিরিয়ে নেবে।

আপনার মতামত লিখুন