খুঁজুন
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ, ১৪৩৩

প্রবাসীর বসতভিটায় ঘর নির্মাণে চাঁদা দাবি, প্রতিবাদ করায় রক্তাক্ত হামলার অভিযোগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
প্রবাসীর বসতভিটায় ঘর নির্মাণে চাঁদা দাবি, প্রতিবাদ করায় রক্তাক্ত হামলার অভিযোগ
শেয়ার করুন

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পানেরছড়ায় প্রবাসী মোজাফফর আহমেদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিজ পৈত্রিক বসতভিটায় নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় হাবিব উল্লাহ নামের এক ব্যক্তি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ মে সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে পানেরছড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেলে হাবিব উল্লাহ, তার বাবা নুরুল কবির ও তাদের সহযোগীরা মোজাফফর আহমেদের গতিরোধ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডলে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র তাদের পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছে। এর আগেও ২০২১ সালে মোজাফফর আহমেদের অনুপস্থিতিতে তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছিল। কিন্তু সেই ঘটনায়ও তারা কোনো বিচার পাননি বলে দাবি করেন। বিচারহীনতার সুযোগ নিয়ে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ তাদের।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদকসেবন, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী বলয় তৈরি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর পূর্ব পানেরছড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা করছেন বলে দাবি তাদের। তাই পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত হাবিব উল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্রে সজানা গেছে, আজ সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এদিকে বিয়ে উপলক্ষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন,
‘বহুল প্রত্যাশিত প্রকল্পের চূড়ান্ত মুহূর্ত! আলহামদুলিল্লাহ, সাদিক ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। রাব্বুল আলামিন সাদিক কায়েমের দাম্পত্য জীবনে বারাকাহ দান করুন।

রামু প্রেস ক্লাবের নতুন কমিটি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
রামু প্রেস ক্লাবের নতুন কমিটি
শেয়ার করুন

রামু প্রেস ক্লাবের নতুন কমিটি: আবদুল্লাহ আল মামুন সভাপতি, সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক

 

রামু প্রেস ক্লাবের কমিটি পূনর্গঠিত হয়েছে। কমিটিতে এম আব্দুল্লাহ আল মামুন সভাপতি এবং সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার, ১২ মে বিকাল তিনটায় রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ -সভাপতি খালেদ হোসেন টাপু, আল মাহমুদ ভূট্টো ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচএম হুমায়ন কবির ও হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর, দফতর সম্পাদক শওকত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এইচ আরমান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, নির্বাহী সদস্য খালেদ শহীদ, নীতিশ বড়ুয়া, জাফর আলম জুয়েল, হাসান তারেক মুকিম ও নুরুল হক সিকদার।

 

সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া। সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কার্যকরী পরিষদ পূনর্গঠন ও সদস্য অর্ন্তভূক্তিসহ ক্লাবের সার্বিক উন্নয়নে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক এসএম জাফর। বিশেষ অতিথি ছিলেন- চ্যানেল টুয়েন্টিফোর এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ, নিউজ টুয়েন্টিফোর এর কক্সবাজার প্রতিনিধি ইরফান উল হাসান, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম।

সাধারণ সভা শেষে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। এ নির্বাচন প্রক্রিয়ায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক এসএম জাফরের সমন্বয়ে আরও দায়িত্ব পালন করেন- বিদায়ী সভাপতি নীতিশ বড়ুয়া, চ্যানেল টুয়েন্টিফোর এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ, নিউজ টুয়েন্টিফোর এর কক্সবাজার প্রতিনিধি ইরফান উল হাসান, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম।

 

সভায় রামু প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- খালেদ শহীদ, এম আব্দুল্লাহ আল মামুন, খালেদ হোসেন টাপু, হাসান তারেক মুকিম, আল মাহমুদ ভূট্টো, আবুল কাশেম সাগর, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কামাল হোসেন, শওকত ইসলাম, এম এইচ আরমান, জহির উদ্দিন খন্দকার, হামিদুল হক, জাফর আলম জুয়েল, কামাল শিশির, সুজন চক্রবর্তী, মো. আবদুল্লাহ, এইচ এম জয়নাল আবেদীন।

প্রথম অধিবেশনে সকলের সম্মতিক্রমে ৯ জন কর্মরত সংবাদকর্মীকে তাঁদের আবেদনের প্রেক্ষিতে রামু প্রেস ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয়। নতুন সদস্যরা হলেন- জাফর আলম জুয়েল, কামাল শিশির, কায়েদ আলম কায়সার, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, এসএম লুৎফুর কবির শিহাব, হামিদুল হক মার্শাল, নুরুল আমিন ও মোহাম্মদ ইলিয়াছ।

এতে সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- কায়েদ আলম কায়সার, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, এসএম লুৎফুর কবির শিহাব, হামিদুল হক মার্শাল, নুরুল আমিন, মোহাম্মদ ইলিয়াছ, নবীন সংবাদকর্মী উচ্ছ্বাস বড়ুয়া, মামুনুর রশিদ মুন্না, রায়হান উদ্দিন মাহিম, আরিফুল ইসলাম, মো. শাহারিয়া নাজিম জয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। সভায় সৌদিআরব থেকে মুঠোফোনে শুভেচ্ছা জানান- ওবাইদুল হক নোমান ও কপিল উদ্দিন।

হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা শরীয়তপুর প্রেসক্লাব সভাপতির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা শরীয়তপুর প্রেসক্লাব সভাপতির
শেয়ার করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ হলরুমে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার।

মঙ্গলবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয় থেকে একটি ভিডিও বার্তায় অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা জানান আবুল হোসেন সরদার।

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও অনলাইন পোর্টালে দাবি করা হয়, অনুষ্ঠান চলাকালে হুইপ সাংবাদিকদের উদ্দেশে টিস্যুবক্স নিক্ষেপ করেন।

তবে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এ ধরনের দাবি সঠিক নয় এবং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান চলাকালে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য টিস্যুবক্সটি তার এক দলীয় কর্মীকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেন। এটি কোনো সাংবাদিককে লক্ষ্য করে করা হয়নি এবং এ ঘটনায় কোনো সাংবাদিক অভিযোগও করেননি।

বিষয়টি শরীয়তপুর প্রেসক্লাবের নজরে আসলে মঙ্গলবার সকালে শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবুল হোসেন সরদারের সভাপতিত্বে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন।

সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন, সহসভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাকিল, কোষাধ্যক্ষ ছগির হোসেন, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, প্রচার সম্পাদক জামাল মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য ইসহাক মাদবর, বারেক ভূঁইয়া, মো. মিরাজ সিকদার, মো. সাইফুল ইসলাম ঢালী প্রমুখ। সভায় এ ‘মিথ্যা ও বানোয়াট’ সংবাদের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শরীয়তপুর প্রেসক্লাব মনে করে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য প্রচার দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানবোধ ক্ষুণ্ন করে।

শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান, তারা যেন সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকেন।