খুঁজুন
শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দুই মাসে হামে প্রাণ গেল ৪৫১ শিশুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
দুই মাসে হামে প্রাণ গেল ৪৫১ শিশুর
শেয়ার করুন

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ১২ জন শিশু প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং আটজনের মধ্যে হামের উপসর্গ ছিল।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিনজন করে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের একজন করে শিশু রয়েছে। এছাড়া, এই একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৯২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

 

 

 

অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৪ জন শিশু হাম শনাক্ত হওয়ার পর এবং ৩৭৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই দুই মাসে মোট ৫৫ হাজার ৬১১ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ৪০ হাজার ১৭৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখিত সময়ে সারা দেশে মোট ৭ হাজার ৪১৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ করেছে।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
শেয়ার করুন

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শনিবার (১৬ মে)। ভারতের ফারাক্কা ব্যারাজ কীভাবে বাংলাদেশের জন্য মরণফাঁদ হয়ে উঠেছে, তা বিশ্ববাসীর নজরে আনতে ১৯৭৬ সালের ১৬ মে এক লংমার্চ শুরু করেছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। লাখো মানুষের অংশগ্রহণে সেই কর্মসূচি শুরু হয়েছিল রাজশাহী থেকে, পরদিন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে হয়েছিল শেষ।

মজলুম জননেতা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা কাল পর্বে গুরুত্বপূর্ণ হয়ে আছেন। তবে তাঁর ফারাক্কা লংমার্চকে স্মরণ করা হয় বিশেষভাবে। ১৬ মে ফারাক্কা লংমার্চ দিবস পালন করে অনেক সংগঠন। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লংমার্চের আগে-পরে কখনো দেখা যায়নি।

 

 

সে সময় চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল। ১৯৯৬ সালে ফারাক্কার পানি ভাগাভাগির বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে ৩০ বছর মেয়াদি চুক্তি হলেও বাংলাদেশ পানি পায়নি।

 

 

 

১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। বাঁধ দিয়ে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে দেওয়ায় পদ্মায় পানি প্রবাহ হারিয়ে ফেলে। ফারাক্কা বাঁধের কারণে সারাবছরই পদ্মানদী থাকে নাব্য সংকটে।

আড়াই কোটি টাকা চুক্তিতে’ এসপি, ৭ দিনের মাথায় প্রত্যাহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
আড়াই কোটি টাকা চুক্তিতে’ এসপি, ৭ দিনের মাথায় প্রত্যাহার
শেয়ার করুন

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে প্রত্যাহার করা হয়। 

 

আদেশে বলা হয়, মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। আদেশে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

 

সম্প্রতি অভিযোগ ওঠে ‘আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম।’ ওই টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

 

 

এ বিষয়ে জানতে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
শেয়ার করুন

লিভার–সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

 

আজ শুক্রবার প্রথম আলোকে কায়সার হামিদ বলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।’

 

লিভার–সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল।

 

বাবা কায়সার হামিদের সঙ্গে কারিনা কায়সারবাবা কায়সার হামিদের সঙ্গে কারিনা কায়সার

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

 

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাঁকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

 

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।