খুঁজুন
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সামনের মাসে ছিল বিয়ে, হিজবুল্লাহর হামলায় প্রাণ গেল ইসরায়েলি কমান্ডারের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
সামনের মাসে ছিল বিয়ে, হিজবুল্লাহর হামলায় প্রাণ গেল ইসরায়েলি কমান্ডারের
শেয়ার করুন

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সীমিত সংঘর্ষ চলছেই।

 

 

নিহত কর্মকর্তা হলেন মাওজ ইসরায়েল রেকানাতি। তার বয়স ২৪ বছর। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একটি প্লাটুনের কমান্ডার ছিলেন। তার বাড়ি ইতামারে।

 

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এক মাস পরই বাগদত্তা রানির সঙ্গে রেকানাতির বিয়ে হওয়ার কথা ছিল। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আমরা তার বাগদত্তা ও পরিবারের সদস্যদের পাশে আছি।’

 

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননে নিহত সপ্তম ইসরায়েলি সেনা সদস্য তিনি। আর ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার পর এখন পর্যন্ত ২০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে এক বেসামরিক ঠিকাদারও নিহত হয়েছেন।

 

 

এদিকে শনিবার ইসরায়েলি বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন থাকা এলাকাগুলোর আকাশে উড়তে থাকা হিজবুল্লাহর কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোনের কারণে পশ্চিম গালিলির সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কসংকেত বেজে ওঠে।

 

এ ছাড়া দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে কয়েকটি রকেট ও মর্টার ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর দাবি, সেগুলো সেনাদের কাছাকাছি এলাকায় আঘাত হানলেও কেউ হতাহত হয়নি।

 

ইসরায়েলি বাহিনী শনিবার সন্ধ্যায় জানায়, সপ্তাহান্তে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুর মধ্যে নজরদারি কেন্দ্র, অস্ত্রগুদাম ও হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন অবকাঠামো ছিল।

 

টাইর অঞ্চলসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার দুই ডজনের বেশি গ্রামে হামলা হয়েছে। এর মধ্যে একটি হামলা সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও বেশি দূরের এলাকায় চালানো হয়।

 

সংস্থাটি আরও জানায়, নতুন করে বহু বাসিন্দা দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা ও রাজধানী বৈরুতের দিকে সরে যাচ্ছেন।

 

সাম্প্রতিক এসব হামলার আগে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। কয়েক দশকের মধ্যে গত মাসে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে দুই দেশ। পরে যুক্তরাষ্ট্র জানায়, উভয় পক্ষ ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।

 

তবে হিজবুল্লাহ এ আলোচনা প্রত্যাখ্যান করেছে। শনিবার গোষ্ঠীটি অভিযোগ করে, লেবানন সরকার ‘শত্রুপক্ষকে বিনা মূল্যে একের পর এক ছাড় দিচ্ছে’।

 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শনিবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি সব পক্ষকে সংঘর্ষ বন্ধের শর্ত পুরোপুরি মেনে চলার আহ্বান জানান।

 

এক মাস ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি হিসেবে বিবেচিত হিজবুল্লাহ সদস্য ও অবকাঠামোর ওপর হামলা চালানোর অনুমতি দিয়েছে।

 

অন্যদিকে হিজবুল্লাহও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের দাবি, সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর হামলা ঠেকাতে তারা সেখানে গভীর নিরাপত্তা বলয় তৈরি করেছে। একই সঙ্গে উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলাও অব্যাহত রেখেছে হিজবুল্লাহ।

 

তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে বৈরুত ও সীমান্ত থেকে দূরের অন্যান্য এলাকায় যুদ্ধবিরতি মোটামুটি বজায় রয়েছে।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মার্চ মাসে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপরই সংঘাত নতুন মাত্রা পায়।

 

 

লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিলেও দেশটি ইসরায়েলের হামলা বন্ধ ও পুরোপুরি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, বৈরুত হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে। তারা চায়, গোষ্ঠীটি অস্ত্র সমর্পণ করুক। তবে হিজবুল্লাহ সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না।

পৃথক সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ২ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ
পৃথক সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ২ বন্ধুর মর্মান্তিক মৃত্যু
শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়ার দুই বন্ধু পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। অন্যদিকে, চকরিয়া-বদরখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চকরিয়া পৌরসভার সাবেক এক কাউন্সিলরের বড় ছেলে। শৈশবের এই দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

লোহাগাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তামিমের

প্রথম দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বিদ্যুৎ অফিস এলাকায়। নিহত মোস্তাকিম কামাল তামিম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালাকাকারা তিন বটতল সওদাগরপাড়ার বাসিন্দা এবং ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, রোববার (১৭ মে) রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেবি জালালউদ্দিন সড়কে প্রাণ গেল শওকতের

অপরদিকে, একই রাতে চকরিয়া-বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন শওকত হোসেন, যিনি চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের উন্নয়ন কাজের অব্যবস্থাপনা ও সতর্কীকরণ চিহ্নের অভাবের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

 

অন্য একটি সূত্রে জানা গেছে, নিহত মোস্তাকিম কামাল তামিম ও শওকত হোসেন ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও পরিচিতদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের স্মরণ করে শোক প্রকাশ করছেন।

 

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে চকরিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

কুমারী মেয়ের নীরবতাই বিয়ের সম্মতি, আফগানিস্তানে নতুন আইন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
কুমারী মেয়ের নীরবতাই বিয়ের সম্মতি, আফগানিস্তানে নতুন আইন
শেয়ার করুন

আফগানিস্তানের তালেবান সরকার দেশে একটি নতুন পারিবারিক আইন বিধিমালা জারি করেছে। এই নতুন বিধিমালার অধীনে বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং বাল্যবিয়ে সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন তালেবানের নিজস্ব ইসলামিক ব্যাখ্যার আলোকে নির্ধারণ করা হয়েছে।

‘দম্পতিদের পৃথকীকরণের নীতি’ শিরোনামের এই ৩১ অনুচ্ছেদের ডিক্রিটি অনুমোদন করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আফগানিস্তানের সরকারি গেজেটে প্রকাশিত এই নথিতে তালেবান শাসনের অধীনে বিয়ের বিরোধ, বিচ্ছেদ, অভিভাবকত্ব এবং বিয়ে বাতিলের প্রক্রিয়াগুলো বিশদভাবে রূপরেখা দেওয়া হয়েছে।

এই ডিক্রির সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটিতে বলা হয়েছে যে কোনো ‘কুমারী মেয়ের’ নীরবতাকে বিয়ের সম্মতি হিসেবে গণ্য করা হবে। তবে কোনো ছেলে বা বিবাহিত নারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না, অর্থাৎ তাদের নীরবতাকে সম্মতি হিসেবে নেওয়া যাবে না।

এছাড়া এই নতুন আইন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ের অনুমতি দেয় এবং এ ধরনের বিয়ের ক্ষেত্রে বাবা ও দাদাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে। আইন অনুযায়ী, আত্মীয়দের দ্বারা ঠিক করা কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের বিয়ে তখনই বৈধ বলে গণ্য হবে যদি বর সামাজিকভাবে উপযুক্ত হয় এবং মোহরানা ধর্মীয় মানদণ্ড পূরণ করে। নতুন এই নিয়মে ‘খিয়ার আল-বুলুগ’ বা ‘বয়ঃসন্ধির পর পছন্দ’ নামক একটি আইনি নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বয়ঃসন্ধির আগে হওয়া কোনো বিয়ে, পরবর্তীতে সন্তানটি বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর তার অনুরোধে বাতিল করার সুযোগ থাকবে। তবে এই বিয়ে বাতিলের জন্য অবশ্যই ধর্মীয় আদালতের অনুমতির প্রয়োজন হবে। পাশাপাশি সঙ্গী যদি অনুপযুক্ত হয় কিংবা মোহরানার পরিমাণে যদি চরম ভারসাম্যহীনতা থাকে, তবে সেই বিয়ে আইনগতভাবে বৈধ হবে না।

এই ডিক্রিটি তালেবান বিচারকদের ব্যভিচারের অভিযোগ, ধর্মান্তর, স্বামীর দীর্ঘদিনের অনুপস্থিতি এবং ‘জিহার’-এর মতো বিষয়গুলোর বিরোধে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়। জিহার হলো একটি ঐতিহ্যবাহী ইসলামিক ধারণা যেখানে স্বামী তার স্ত্রীকে এমন কোনো নারী আত্মীয়ের সঙ্গে তুলনা করেন যাকে বিয়ে করা তার জন্য নিষিদ্ধ।

এই বিধানগুলোর অধীনে বিচারকরা পরিস্থিতি বিবেচনা করে বিচ্ছেদ, কারাদণ্ড বা অন্যান্য শাস্তির নির্দেশ দিতে পারেন। ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে নারী ও মেয়েদের ওপর তালেবানের নানা কঠোর নিষেধাজ্ঞা নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই এই নতুন পারিবারিক আইনটি জারি করা হলো।

রামুতে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রামু প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
রামুতে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার
শেয়ার করুন

কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলির খোসাসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার একটি দল উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাট এলাকায় অভিযান চালায়। এসময় মো. তারেক (২৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি আগ্নেয়াস্ত্র ও দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত মো. তারেক ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া এলাকার বাসিন্দা।

 

রামু থানা পুলিশ জানায়, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে এসআই আব্দুল খালেক ও এএসআই মুহাম্মদ জহিরুল ইসলাম অংশ নেন।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।