পৃথক সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ২ বন্ধুর মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের চকরিয়ার দুই বন্ধু পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। অন্যদিকে, চকরিয়া-বদরখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চকরিয়া পৌরসভার সাবেক এক কাউন্সিলরের বড় ছেলে। শৈশবের এই দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
লোহাগাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তামিমের
প্রথম দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বিদ্যুৎ অফিস এলাকায়। নিহত মোস্তাকিম কামাল তামিম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালাকাকারা তিন বটতল সওদাগরপাড়ার বাসিন্দা এবং ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, রোববার (১৭ মে) রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেবি জালালউদ্দিন সড়কে প্রাণ গেল শওকতের
অপরদিকে, একই রাতে চকরিয়া-বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন শওকত হোসেন, যিনি চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের উন্নয়ন কাজের অব্যবস্থাপনা ও সতর্কীকরণ চিহ্নের অভাবের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
অন্য একটি সূত্রে জানা গেছে, নিহত মোস্তাকিম কামাল তামিম ও শওকত হোসেন ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও পরিচিতদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের স্মরণ করে শোক প্রকাশ করছেন।
পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে চকরিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মতামত লিখুন