খুঁজুন
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার
শেয়ার করুন

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আকন্দসহ তিন নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সাথে অব্যাহতি পাওয়া অন্য দুই নেতা হলেন ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতলুবর রহমান মতু এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন।

রোববার (১৭ মে) পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাহমুদুন নবী চৌধুরী পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় সকল কর্মকাণ্ড ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

দলীয় এই কঠোর অ্যাকশনের নেপথ্যে রয়েছে কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দের একটি অত্যন্ত আপত্তিকর ও চাঞ্চল্যকর অডিও কল রেকর্ড, যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ওই বিতর্কিত কল রেকর্ডে ঢাকা থেকে এলাকায় আসা দলের এক শীর্ষ নেতাকে খুশি করার জন্য ১৫-১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে খোঁজার বিষয়ে অনৈতিক আলোচনা করতে শোনা গেছে, যা নিয়ে স্থানীয় এলাকা ও রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় ও নিন্দার ঝড় ওঠে।

ফাঁস হওয়া অডিওতে স্পষ্ট শোনা যায়, বিএনপি নেতা আবুল কাশেম আকন্দ একই ইউনিয়নের মহিলা দলের নেত্রী মুন্নি বেগমের কাছে ঢাকার এক বড় নেতার মনোরঞ্জনের জন্য একজন সুন্দরী ও অল্প বয়সী মেয়ে জোগাড় করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। প্রত্যুত্তরে মহিলা দলের ওই নেত্রী স্থানীয় এক অত্যন্ত দরিদ্র ভ্যানচালকের মেয়ের কথা উল্লেখ করে বলেন, “একটা মেয়ে আছে অনেক সুন্দর, বাপটা গরীব ভ্যান চালায়।”

নৃশংস ও অনৈতিক এই কল রেকর্ডটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ ও জঘন্য এই মানসিকতার বিরুদ্ধে তীব্র গণ-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন দরিদ্র ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে এভাবে ব্যবহারের পরিকল্পনাকে অত্যন্ত ভয়াবহ ও সামাজিক অবক্ষয়ের চরম রূপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। একই সাথে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলার এই ন্যাক্কারজনক চেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও জোর দাবি উঠেছে।

উখিয়ার আলোচিত সেই মায়ের হত্যাকান্ডের ঘটনায় ১০জনকে আসামি করে থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
উখিয়ার আলোচিত সেই মায়ের হত্যাকান্ডের ঘটনায় ১০জনকে আসামি করে থানায় মামলা দায়ের
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত হওয়া গৃহবধূ ছৈয়দা খাতুন হত্যা ঘটনায় অবশেষে ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীসহ ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭ থেকে ৮ জনকে।

 

নিহত ছৈয়দা খাতুন (৫৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা ও স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে টাইপালং গ্রামে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই মারা যান তাঁর মা ছৈয়দা খাতুন।

 

সোমবার রাত ৮টার দিকে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলার এজাহার জমা দেন। পরে পুলিশ সেটিকে নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, নিহতের ছেলের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

 

মামলার প্রধান আসামি করা হয়েছে স্থানীয় রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদারকে। এ ছাড়া তাঁর ছেলে ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসানকেও আসামি করা হয়েছে।

 

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারি স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্সচালক শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, তাঁর ছেলে ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল, রাজাপালং ইউনিয়ন শ্রমিকদল (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও রাজাপালং ইউনিয়ন যুবদল নেতা রফিক উদ্দিন।

 

বাদী আব্দুর রহমান বলেন, “আমার মাকে আমার সামনেই হত্যা করা হয়েছে। যাদের আমি ঘটনাস্থলে দেখেছি, তাঁদের নামই মামলায় দিয়েছি। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।”

 

এর আগে রোববার দুপুরে টাইপালং গ্রামে ছৈয়দা খাতুনের জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

অক্সিজেন পাইপ খুঁজতে থাকা বাবার কাছে হঠাৎ নার্সের ফোন, ‘হাসপাতালে আসেন আপনার বাচ্চা মারা গেছে’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
অক্সিজেন পাইপ খুঁজতে থাকা বাবার কাছে হঠাৎ নার্সের ফোন, ‘হাসপাতালে আসেন আপনার বাচ্চা মারা গেছে’
শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে মোহাম্মদ আলমের মুঠোফোন বেজে ওঠে। গত কয়েক ঘণ্টা ধরে হাই ফ্লো নাজাল ক্যানুলা (অক্সিজেন পাইপ) জোগাড়ের জন্য ছোটাছুটি করেছেন তিনি। একটি কোম্পানির কাছে পাওয়াও গিয়েছিল। আধা ঘণ্টার মধ্যে সেটি হাসপাতালে পৌঁছানোর কথা। এর মধ্যেই ফোন বেজে উঠতেই উৎকণ্ঠা নিয়ে ধরেন তিনি। ভেতর থেকে একজন নার্স জানালেন, তাঁর মেয়ে আর বেঁচে নেই।

 

আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে মোহাম্মদ আলম যখন মুঠোফোনে ৯ মাস বয়সী মেয়ে সুরাইয়ার মৃত্যুর খবর পান, তখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল। মুঠোফোনে কথা বলতে বলতেই তিনি কান্নার দমকে বসে পড়েন। নাজাল ক্যানুলার নাম লেখা স্লিপ তখনো হাতে ধরা। মাত্র কয়েক মিনিট আগেই ফোনে কাউকে অনুনয় করে দ্রুত জীবন রক্ষাকারী অক্সিজেন পাইপটি পাঠানোর জন্য বলেছিলেন তিনি। সাড়ে ১১ হাজার টাকার ওই জিনিসের আর প্রয়োজন পড়বে না তাঁর। আইসিইউর ভেতরেই ছিলেন তাঁর স্ত্রী ছেনোয়ারা বেগম। দরজা খুলে বারান্দায় বেরিয়ে এসে চিৎকার করে তিনি বলতে থাকেন, ‘আর কিচ্ছু লাগবে না…আমার মেয়ে নাই। আর কোনো অক্সিজেন পাইপ লাগবে না।’

 

 

  • চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে হাম শনাক্ত হয়েছিল। হামের জটিলতা থেকে তার মস্তিষ্কে প্রদাহ হয়। একে বলা ‘মিজেলস এনসেফালাইটিস’। হামের পরবর্তী জটিলতা হিসেবে অনেকের এমন মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। এ অবস্থায় রোগীর উচ্চ জ্বর, খিঁচুনি, অচেতন হয়ে যাওয়া, আচরণগত পরিবর্তন এবং স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে অবস্থা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।

 

কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলম পেশায় আলোকচিত্রী। সৈকতে পর্যটকদের ছবি তুলে সংসার চালাতেন তিনি। হামে আক্রান্ত ৯ মাস বয়সী মেয়ে সুরাইয়া আলমকে নিয়ে তিনি গত বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালে তিনি। মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জীবিকার একমাত্র অবলম্বন ক্যামেরাটিও বিক্রি করে দিয়েছিলেন কয়েক দিন আগে। নিজের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েও মেয়েকে বাঁচাতে পারলেন না তিনি।

 

বেলা তিনটার দিকে ছোট্ট সুরাইয়ার মরদেহটি নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন মোহাম্মদ আলম, তাঁর স্ত্রী ছেনোয়ারা বেগম, শ্যালক মোহাম্মদ সাব্বির এবং স্বজনেরা। ছেনোয়ারা বেগম সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে বারবার কেঁদে উঠছিলেন। পেছনে হাঁটছিলেন মোহাম্মদ আলম। তাঁর দৃষ্টি সন্তানের নিথর দেহের দিকে। বিড়বিড় করে বলছিলেন, ‘আদরের ধন বেশি দিন থাকে না ভাই।’

 

 

হাই ফ্লো নাজাল ক্যানুলার সংকট

 

আজ দুপুরে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন কথা হচ্ছিল মোহাম্মদ আলমের সঙ্গে, তখন তিনি মেয়ের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলার খোঁজ করছিলেন। বাজারে এটি সহজে মেলে না। দাম ১১ হাজার টাকা। কোথায় পাওয়া যায়, কাকে বলা যায়; কিছুই জানা নেই তাঁর। শুধু জানেন, জিনিসটা দরকার। কয়েকজন নার্সের কাছে জিজ্ঞাসা করে একটি কোম্পানির প্রতিনিধির নম্বর পেয়েছিলেন। সেখানে যোগাযোগ করেছেন বারবার। কোম্পানির প্রতিনিধিকে অনুনয় করেছিলেন দ্রুত পৌঁছে দিতে। আধা ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন ওই প্রতিনিধি, কিন্তু সেই সময় পাওয়া গেল না।

 

মেয়ের মৃত্যুসংবাদ শোনার পর কাঁদতে কাঁদতে মোহাম্মদ আলম প্রশ্ন করেছিলেন, ‘আইসিইউ থেকে একটা বাচ্চাও কেন সুস্থ হয়ে ফিরতে পারে না? এই পাইপ ছিল না কেন? এগুলো তো আইসিইউতে থাকার কথা। লাগলে আগে কেন বলা হলো না? আধা ঘণ্টার মধ্যে আমার বাচ্চাটা মারা গেল।’

 

 

সুরাইয়ার জন্য যে অক্সিজেন পাইপ আনতে বলা হয়েছে, সেটি নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। মোহাম্মদ আলমের হাতে থাকা কাগজে লেখা ছিল, ‘ফিশার অ্যান্ড পায়কেল এয়ারভো ২, এইচএফএনসি সার্কিট, লার্জ সাইজ।’

 

চিকিৎসকেরা জানিয়েছেন, এটি মূলত রোগীর শ্বাসপ্রশ্বাসে সহায়তা করার জন্য ব্যবহৃত একটি বিশেষ যন্ত্রাংশ। এর মাধ্যমে নাকে উচ্চ প্রবাহে উষ্ণ ও আর্দ্র অক্সিজেন সরবরাহ করা হয়, ফলে শ্বাস নিতে সহজ হয় এবং শরীরে অক্সিজেন পৌঁছানোর প্রক্রিয়া উন্নত হয়। এ ধরনের সার্কিট সাধারণত শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অন্যান্য গুরুতর শ্বাসযন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু আইসিইউতে মোট ২০ শয্যার ১৫টিতে হাম ও উপসর্গ নিয়ে আসা শিশুদের রাখা হয়েছে। আইসিইউতে হাই ফ্লো মেশিন আছে ১২টি। এর মধ্যে অন্তত দুটিতে ফুটো আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের ভাষ্য, আইসিইউর অধিকাংশ যন্ত্রাংশ সরকারিভাবে আসে না। যেগুলো আসে, সেগুলো প্রায়ই নষ্ট হয়ে যায়।

 

নাম প্রকাশ না করার শর্তে শিশু স্বাস্থ্য বিভাগের এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, শিশু আইসিইউটি অনুদানে করা। সেখানে অধিকাংশ যন্ত্রাংশ নষ্ট হলে চিকিৎসক কিংবা রোগীদের অর্থে কিনতে হয়। ওই শিশুকে প্রথমে একটি হাই ফ্লো মেশিন দেওয়া হয়, সেটি ফুটো ছিল। পরে আরেকটি ছিল, সেটিতেও সমস্যা ছিল। তাই রোগীকে কিনতে বলা হয়। শিশুর অবস্থা বুঝে সেটি কিনতে মানা করা হয়।

 

জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘২০ শয্যার শিশু আইসিইউর ১০টি অনুদানের, ১০টি সরকারি। হাই ফ্লো মেশিন পুরো হাসপাতাল মিলিয়ে ৪১টি আছে। রোগীর পক্ষে হাই ফ্লো নাজাল ক্যানুলা (এইচএফএনসি) কেনা সম্ভব নয়। আমি বিষয়টি নিয়ে খোঁজ নেব।’

 

সুরাইয়ার মৃত্যু মিজেলস এনসেফালাইটিসে

 

শিশু সুরাইয়ার গত মাসে একবার জ্বর হয় বলে জানান তার বাবা মোহাম্মদ আলম। তখন কক্সবাজার সদর হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে শিশুটি। গত বৃহস্পতিবার আবারও জ্বর আসে তার। এরপর প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। বৃহস্পতিবার রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

 

 

চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে হাম শনাক্ত হয়েছিল। হামের জটিলতা থেকে তার মস্তিষ্কে প্রদাহ হয়। একে বলা ‘মিজেলস এনসেফালাইটিস’। হামের পরবর্তী জটিলতা হিসেবে অনেকের এমন মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। এ অবস্থায় রোগীর উচ্চ জ্বর, খিঁচুনি, অচেতন হয়ে যাওয়া, আচরণগত পরিবর্তন এবং স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে অবস্থা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।

 

১৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু

 

চমেকের শিশুস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল রোববার রাত ১২টা থেকে আজ সোমবার বেলা দুইটা পর্যন্ত সুরাইয়া আলমসহ চার শিশুর মৃত্যু হয়েছে হাম ও হামের উপসর্গজনিত নিউমোনিয়া নিয়ে। এ ছাড়া আইসিইউতে ছিল ১৪ শিশু। এর আগে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত নিউমোনিয়া নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে।

 

তবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কাছে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর কোনো তথ্য নেই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন। যার মধ্যে ৩৯ জন আছে নগরের হাসপাতালগুলোতে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু নেই। জেলায় এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যু হয়েছে একজনের। উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। হাম শনাক্ত হয়েছে ১২৯ জনের।

হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রা,গ করলা?’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রা,গ করলা?’
শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ট্রেন্ডিং শুরু হয় নতুন নতুন ডায়ালগে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে চলতে থাকে মিম (হাস্যকর কনটেন্ট) তৈরির প্রতিযোগিতা। এবার নেটিজেনরা মজেছেন ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’ ডায়ালগে।

 

ফেসবুকে এখন ক্যাপশন, কমেন্ট বা ইনবক্সে সব জায়গায় দখল করে নিয়েছে একটা ডায়ালগ ‘কী রাগ করলা’। তবে ডায়ালগটির পেছনে রহস্য কী? যে কারণে এতটা ভাইরাল এই ডায়ালগ।

 

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই ডায়ালগটির প্রচলন শুরু হয়।

 

ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ততম রাস্তায় কাঁধে ঝোলা নিয়ে এক গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের ভাগ্য বদলানোর উপায় বলে দিচ্ছেন। যেখানে ওই ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি ‘রাগ করলা?’ ডায়ালগটি উচ্চারণ করেন গণক ব্যক্তিটি। প্রতিটি বাক্যের শেষে একবার করে গণক ডায়ালগটি উচ্চারণ করেন। যেখান থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘কী রাগ করলা’ ডায়ালগের।

 

 

ভিডিওটিতে গণকের কথা বলার ভঙ্গি ও আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে প্রভাবিত করার প্রবণতা দেখেই হাস্যরসে মজেছেন নেটিজেনরা।

 

 

গণক ব্যক্তিটিকে কেউ কেউ নিজের বসের সঙ্গে তুলনা করছেন, কেউ আবার নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মধ্যে খুঁজে পাচ্ছেন গণকের প্রতিচ্ছবি। এতেই স্যাটায়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদারসে শেয়ার করে কনটেন্টটি ট্রেন্ডিংয়ে এনেছেন নেটিজেনরা।