সরকারি অর্থে দাপ্তরিক কাজে নিয়োজিত গাড়ি দিয়ে নিজের আয়েশ মেটান ভোক্তার এডি মারুফ
দরপত্র আহবান করে ০২ বছরের চুক্তিতে মাসিক ভাড়ায় সরকারি কাজের জন্য একটি গাড়ি অনুমোদন দেওয়া হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের জন্য। কিন্তু সেই গাড়িকে সরকারি কাজের পরিবর্তে নিজের আমোদ-প্রমোদে ব্যবহার করেন জেলা অফিসের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
স্ত্রী সন্তান নিয়ে শপিং, রেষ্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে নিজের আয়েশ মেটান এই সরকারি কর্মকর্তা। অথচ মাস শেষে গাড়িটির ভাড়া পরিশোধ করছে সরকার।
প্রতিবেদকের হাতে আসা কয়েকটি ছবিতে দেখা যায়,
গেলো মাসের ১৬ই মে রাত ০৯ টায় স্ত্রী সন্তান নিয়ে সরকারি গাড়িটি নিয়ে তিনি শহরের সমবায় সুপার মার্কেটের একটি মোবাইল ফোনের দোকানে মোবাইল কিনতে যান।
তাছাড়া শুধু মাত্র এপ্রিল ও মে মাসেই রাতের বেলায় পরিবার নিয়ে আড়ং, টপ টেন, লালদিঘীর পাড় এলাকার জিলানী সুপার শপ সহ বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতে দেখা যায় সহকারী পরিচালক মারুফকে।
যদিও, সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৫ অনুযায়ী সরকারি গাড়ি মূলত সরকারি কাজে ব্যবহারের জন্য। আইন বা বিধিমালার লঙ্ঘন করলে তা সংশ্লিষ্ট কর্মকর্তার জন্য শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে।
এছাড়া, যদি কোনো সরকারি দপ্তর দরপত্রের মাধ্যমে ২ বছরের জন্য মাসিক ভাড়ায় একটি গাড়ি নিয়োগ করে, তাহলে গাড়িটি চুক্তির মেয়াদে সরকারি কাজের জন্য নিয়োজিত যানবাহন হিসেবে বিবেচিত হবে। এর ব্যবহার চুক্তির শর্ত, সরকারি আর্থিক বিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমাবদ্ধ থাকবে। কিন্তু এর কোনকিছু তোয়াক্কা না করেই, গাড়িটিকে নিজের ইচ্ছেমতো আরাম আয়েশের জন্য ব্যবহার করে যাচ্ছেন এই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে, অভিযুক্ত কর্মকর্তা হাসান আল মারুফ প্রথমে দাবী করেন গাড়িটি শুধুমাত্র দাপ্তরিক কাজেই ব্যবহার করেন তিনি। কিন্তু এক পর্যায়ে গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলে তিনি স্বীকার করেন।
অন্যদিকে এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চেয়ে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সেবাষ্টিন রেমা’কে ফোন দেওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

আপনার মতামত লিখুন