টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত হোয়াইক্যংয়ের আশ্রয়কেন্দ্র ও প্লাবিত এলাকা পরিদর্শনে ইউএনও
টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজারের টেকনাফ উপজেলার ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ভূমিহীন আশ্রয়কেন্দ্র ও পানিতে প্লাবিত বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ, ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রের সার্বিক পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত পরিবারের অবস্থা এবং ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং দ্রুত করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল জানান, দুর্যোগের শুরু থেকেই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া পাহাড়সংলগ্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন