খুঁজুন
, ,

দেড় লাখ ইয়াবার চালান লুট ঘিরে দুই অপরাধী চক্রের বিরোধ, বাড়ি থেকে তুলে নিয়ে যুবদল নেতাকে নির্যাতন

চালান আনে এক পক্ষ, লুটে নেয় আরেক পক্ষ; অস্ত্রের দাপটে কাঁপছে উখিয়ার নলবনিয়া

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
চালান আনে এক পক্ষ, লুটে নেয় আরেক পক্ষ; অস্ত্রের দাপটে কাঁপছে উখিয়ার নলবনিয়া

মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে একটি চক্র। সেই চালান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা আরেকটি চক্র মাঝপথে তা লুট করে আত্মসাৎ করে। দেড় লাখ ইয়াবার একটি চালান ঘিরে এই দুই পক্ষের বিরোধ এখন প্রকাশ্য অস্ত্রের মহড়া ও সহিংসতায় রূপ নিয়েছে। কক্সবাজারের উখিয়ার পালংখালীর সীমান্তবর্তী নলবনিয়ায় দুই পক্ষের অপরাধমূলক কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। একদিকে ইয়াবা পাচার, অন্যদিকে ইয়াবার চালান লুট। এর সঙ্গে যুক্ত হয়েছে গুলিবর্ষণ, অপহরণ ও নির্যাতনের অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা চক্রটির সঙ্গে নলবনিয়ার ছৈয়দুল বশর ও আরিফ প্রকাশ আব্বুইয়্যার নেতৃত্বাধীন চালান লুটকারী চক্রের বিরোধ চলছে। গত ২৪ অক্টোবর দেড় লাখ ইয়াবার একটি চালান লুটের পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের অস্ত্রের মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে অস্ত্র প্রদর্শনের ভিডিও।

 

দেড় লাখ ইয়াবার চালান লুট

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সকালে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত আমিনের নেতৃত্বে মিয়ানমার থেকে দেড় লাখ ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করে। চালানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল নলবনিয়ার পাঁচজনের একটি সিন্ডিকেটের ওপর। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে কৌশলে চালানটি সরিয়ে ফেলা হয়।

 

অভিযোগ রয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর না করে পুরো চালানটি আত্মসাৎ করে চক্রটি। এ ঘটনায় ছৈয়দুল বশর ও আরিফ প্রকাশ আব্বুইয়্যার নেতৃত্বের অভিযোগ রয়েছে। চালান লুটের পর থেকেই আত্মগোপনে চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

এ ঘটনার পর ইয়াবার চালান নিয়ে আসা পক্ষ এবং চালান লুটকারী পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে তা অস্ত্রের মহড়া ও হামলার ঘটনায় গড়ায়। স্থানীয়দের দাবি, দুই পক্ষের অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বড় একটি ইয়াবার চালান লুটের পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

 

বাড়ি থেকে তুলে নিয়ে যুবদল নেতাকে নির্যাতন

 

ইয়াবার চালান লুটকে কেন্দ্র করে বিরোধের বাইরেও নলবনিয়ায় একের পর এক সহিংসতার অভিযোগ উঠছে। গত ১৩ অক্টোবর গভীর রাতে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আমিনকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, একদল সশস্ত্র ব্যক্তি রাতে আমিনের বাড়িতে ঢুকে তাঁকে জিম্মি করে নিয়ে যায়। পরে রাতভর দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। এতে তাঁর একটি পা পঙ্গু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনার সঙ্গে ইয়াবা লুটকারী চক্রের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর পালংখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ইয়াবা লুটের ঘটনায় অভিযুক্ত চক্রের সদস্যরা এ হামলায় জড়িত ছিলেন।

একই এলাকায় ইয়াবার চালান লুট, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, যুবদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন এবং সাবেক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সীমান্তের নলবনিয়ায় মাদক ও অস্ত্রের দাপট

পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবনিয়া মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকা। ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বিভিন্ন পথ মাদক পাচারে ব্যবহৃত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। সীমান্ত দিয়ে ইয়াবার চালান প্রবেশের পর স্থানীয় পর্যায়ে তা পরিবহন ও গন্তব্যে পৌঁছে দিতে একাধিক চক্র কাজ করে।

স্থানীয়দের অভিযোগ, ইয়াবার চালান নিয়ে আসা এবং তা পরিবহনের দায়িত্বে থাকা চক্রগুলোর পাশাপাশি চালান লুটের সঙ্গে জড়িতরাও এলাকায় প্রভাব বিস্তার করছে। ইয়াবার ভাগ-বাঁটোয়ারা, চালান আত্মসাৎ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব চক্রের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে। সেই বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মাদক কারবারিদের বিরোধে সাধারণ মানুষও বিপাকে পড়েছেন। কখন কার ওপর হামলা হয়, সেই আতঙ্কে দিন কাটছে তাঁদের। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। এলাকায় নিয়মিত পুলিশি টহল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

 

দুই পক্ষের অপরাধীদের আইনের আওতায় আনার দাবি

 

দেড় লাখ ইয়াবার চালান বাংলাদেশে আনা থেকে শুরু করে তা লুটের ঘটনা, অস্ত্র প্রদর্শনের ভিডিও, যুবদল নেতা মোহাম্মদ আমিনকে তুলে নিয়ে নির্যাতন এবং সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

তাঁদের দাবি, শুধু চালান লুটকারীদের নয়, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা কারবারিদেরও শনাক্ত করতে হবে। চালানটির উৎস, পরিবহন, গন্তব্য এবং আত্মসাতের সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা তদন্ত করতে হবে। একই সঙ্গে অস্ত্রের মহড়া ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

অভিযুক্ত ছৈয়দুল বশর ও আরিফ প্রকাশ আব্বুইয়্যাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মাদক পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা