খুঁজুন
, ,

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের তিনজন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের তিনজন

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ইতিহাসবিদ ও মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

 

‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের এই তিনজনের নাম রয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই বার্ষিক সংকলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছে।

 

প্রকাশকদের ব্যাখ্যা অনুযায়ী, রাজনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক, অর্থনৈতিক কিংবা অন্য কোনো ক্ষেত্রে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে—এমন ব্যক্তিদের প্রভাব বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এতে কোনো ব্যক্তির অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকের সমর্থন বোঝায় না।

 

তালিকায় বাংলাদেশের তিনজনের মধ্যে তারেক রহমান রয়েছেন রাজনৈতিক বিভাগে। বইটির ১৬০ পৃষ্ঠায় তাঁর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেখানে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ নেয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

তালিকায় নতুন সংযোজন হিসেবে তারেক রহমানের নাম উল্লেখ করা হয়েছে। বইটির ২৩৬ পৃষ্ঠায় ৪৫০ জনের তালিকায় নতুন যুক্ত হওয়া ব্যক্তিদের নামের মধ্যেও তাঁর নাম রয়েছে।

বাংলাদেশের অন্য দুইজনের মধ্যে ড. হামিদা হোসেন রয়েছেন সামাজিক বিষয়াবলি বিভাগে। বইটির ১৯০ পৃষ্ঠায় তাঁর পরিচিতিতে বলা হয়েছে, তিনি একজন ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারবিষয়ক শিক্ষাবিদ। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসনেও কাজ করেন। এ ছাড়া কারুশিল্পের বিকাশে ‘কারিকা’ প্রতিষ্ঠা করেন তিনি। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক চেয়ারপারসন হিসেবেও তাঁর পরিচয় তুলে ধরা হয়েছে।

একই বিভাগে রয়েছেন রাজিয়া সুলতানা। বইটির ১৯০ পৃষ্ঠায় তাঁর পরিচিতিতে বলা হয়েছে, তিনি মিয়ানমারে জন্ম নেয়া এবং বাংলাদেশে বেড়ে ওঠা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা, ধর্ষণ ও পাচারের ঘটনা নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহ করেছেন। কক্সবাজারের শরণার্থী শিবিরে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁর কয়েকটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

 

বইটির সূচি অনুযায়ী, বিশ্বের প্রভাবশালী মুসলিমদের প্রথম ৫০ জনকে ক্রমানুসারে সাজানো হয়েছে। বাকি ৪৫০ জনকে প্রভাবের ক্ষেত্র অনুযায়ী ১৩টি বিভাগে ভাগ করা হয়েছে। এসব বিভাগে থাকা ব্যক্তিদের মধ্যে আলাদা কোনো ক্রম বা র‍্যাঙ্কিং নেই।

 

রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যম, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত হয় এই সংকলন। ২০২৭ সালের সংস্করণটি এর ১৮তম বার্ষিক প্রকাশনা।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা