খুঁজুন
, ,

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এর মাত্র ১৮ ঘণ্টা আগে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশের ভাষ্যমতে, ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। এ ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ওই বিএনপি নেতাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে এ নাশকতার চেষ্টা চালানো হয়। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, মধ্যরাতের এই ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে সোমবার ভোর ৫টার দিকে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ইত্তেফাককে জানান, ভোরের ওই স্বল্পস্থায়ী মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি কদলপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী এবং মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। এ ছাড়া রাতের ঘটনায় তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ওসি জানান, ঘটনাস্থলে গুলি ছোড়া হয়ে থাকতে পারে, তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে নাশকতা প্রতিহত ও এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের মাধ্যমে সড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন। তবে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় গুটিকয়েক সন্ত্রাসী জনশূন্য সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে, যা প্রতিরোধে তাঁরা মাঠে রয়েছেন।

এদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন; এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় তাঁর ছেলের ভূমিকার কারণে তাঁকে আগেও কয়েকবার সতর্ক করে ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত সব দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা