খুঁজুন
, ,

আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা ‘জাতীয় সংলাপ’ হবে না: রুমিন ফারহানা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা ‘জাতীয় সংলাপ’ হবে না: রুমিন ফারহানা

দেশে জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে, তবে সেটিকে ‘জাতীয় সংলাপ’ বলা যাবে না।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।’

 

আওয়ামী লীগকে আলোচনার টেবিলে রাখার পক্ষে যুক্তি তুলে ধরে এই সংসদ সদস্য দাবি করেন, দেশের ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে। এ ছাড়া জরিপের তথ্যের উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির জনসমর্থন ২৫ শতাংশ ছিল। রুমিন ফারহানার ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক এই মানুষকে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপই জাতীয় সংলাপ হিসেবে গণ্য হতে পারে না।

 

আলোচনার টেবিলে আনার আগে আওয়ামী লীগকে অপরাধ স্বীকার ও অনুশোচনা করতে হবে কি না—এমন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’ আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’ তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’

 

দলটির নেতাদের বিচারের বিষয়ে রুমিন ফারহানা মত দেন যে, যাঁরা অপরাধ করেছেন, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে আলোচনার টেবিলে এনে তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য লজ্জিত বা অনুতপ্ত কি না, তা জানতে হবে।

 

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই, আমরা যারা পলিটিশিয়ান। আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’

 

এ ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, সে সময়ের ধর্মীয় বিভাজনের মতো বর্তমানে রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে, বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেইলকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

 

ওই সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত হন।

 

এদিকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশকে আবারও পরাধীন ও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলকে ২০২৪ সালের আন্দোলনের মতো একই মঞ্চে আসতে হবে। সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

তারেক রহমান আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য। দেশের মানুষ কোনোভাবেই আবারও স্বৈরাচারী শাসনব্যবস্থা ফিরে আসতে দেবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি এবং একটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা এবং রাজধানীতে একাধিক বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত হওয়ার খবরও এসেছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে সহিংসতা প্রতিরোধ এবং গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে।

ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেবে জামায়াত

এদিকে আওয়ামী লীগের নাশকতা ও চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হবে। পাশাপাশি আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করবে দলটি।

বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানান।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।