শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জ প্রতিদিন নামের একটি ফেসবুক পেজে তাঁর ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়।
ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। আমার মাটির মানুষের মধ্যে যারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের হয়ে কথা বলাই ছিল আমার লক্ষ্য।’
রাজনীতিতে যুক্ত হওয়ার সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই লক্ষ্য নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। আমার ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি তথা নির্বাচন পর্যন্ত ছিল।’
নির্বাচন-পরবর্তী সময়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ জানিয়ে মুতাসিম বিল্লাহ বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে নানাবিধ ব্যস্ততা—চাকরি, ফ্যামিলি ও ক্যারিয়ারের ব্যস্ততায় আমি রাজনীতিতে আর সক্রিয় হতে পারিনি। যারা আমার ব্যাপারে খবর রেখেছেন, দেখেছেন, তাঁরা আমার বিষয়ে অবগত রয়েছেন।’
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘উক্ত সময়ের মধ্যে আমি যদি কাউকে আমার অজান্তে বা মনের ভুলে কোনো কাজ বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমাকে ওই সময়ে সুপরামর্শ ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ।’
ভিডিও বার্তার শেষাংশে নিজের জন্মভূমি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের মানুষের জন্য শুভকামনা জানান তিনি। মুতাসিম বিল্লাহ বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার প্রিয় জন্মভূমি টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের মুক্তিকামী মানুষের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ তা’আলা আপনাদের সুস্থতা, সফলতা ও বিজয় দান করুন।’
আপনার মতামত লিখুন