খুঁজুন
, ,

কক্সবাজারে বালিয়াড়িতে কার্নিভাল

তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

ঢাকঢোল পিটিয়ে কক্সবাজার সৈকতে বালিয়াড়িতে তিন মাসের কার্নিভালের প্রচার চালালেও আড়ালে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও আয়োজক প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেড। এর ফলে সমুদ্রসৈকতের পাশে প্রায় ৩৫ একর বালিয়াড়ি বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, কার্নিভালের আয় থেকে ২০ শতাংশ পাবে পর্যটন করপোরেশন, বাকি ৮০ শতাংশ পাবে স্পেলবাউন্ড। এ আয়োজন ঘিরে পরিবেশের ক্ষতি, গাছ কাটার অভিযোগ, লাখ লাখ টাকা স্টল ভাড়া এবং সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যুগান্তরের অনুসন্ধানে চুক্তির তথ্য জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কার্নিভাল আজ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। তবে চুক্তিপত্রে জমি ব্যবহারের মেয়াদ তিন বছর উল্লেখ করা হয়েছে। একাধিক কর্মকর্তা জানান, তিন মাসের কার্নিভাল শেষ হলেও সেখানে পর্যটনসেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। বর্ষা মৌসুম বাদ দিয়ে বছরের অধিকাংশ সময় তাঁবু, ক্যাম্পিং, পর্যটকদের রাত্রিযাপন ও বিনোদনসেবা চালুর চিন্তা চলছে।

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) পরিবর্তন করে জমিটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে বাদ দিয়ে কোনো কোম্পানিকে দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার গুঞ্জনও রয়েছে। তবে এ তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছে পর্যটন করপোরেশন।

জানা গেছে, চুক্তিপত্রে জমি ব্যবহারের মেয়াদ তিন বছর উল্লেখ করলেও এর জন্য কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, জেলা প্রশাসনকে তিন মাসের কার্নিভালের কথা জানানো হয়েছে। চুক্তির মেয়াদ কত দিন, সেটি পর্যটন করপোরেশনের বিষয়। টিকিট, স্টল বরাদ্দ ও সার্বিক তদারকিও করপোরেশন দেখছে।

প্রথমে তিন বছরের চুক্তির বিষয় অস্বীকার করলেও পরে স্বীকার করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। তিনি বলেন, চুক্তিতে যে কোনো সময় তা বাতিল করার শর্ত রয়েছে। চলতি বছরের আয়োজনের অভিজ্ঞতা, লাভজনকতা ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সফল হলে তিন বছর পর্যন্ত চালানোর সুযোগ রয়েছে।

গাছ কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সেখানে সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছে। এছাড়া জমি স্থানীয়ভাবে কাউকে লিজ দেওয়া হবে না।

শনিবার স্পেলবাউন্ডের প্রজেক্ট ও বিজনেস ইন্টিগ্রেশন বিভাগের কর্মকর্তা আহমেদ সুপ্রতিম (ভাস্কর) বলেন, কার্নিভালের কাজ ৯০ শতাংশের বেশি শেষ হয়েছে। রোববার বেলা ৩টায় উদ্বোধনের প্রস্তুতি চলছে। দর্শনার্থীদের সাড়া পাওয়া গেলে আয়োজন চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

কার্নিভালের প্রস্তুতিতে ঝাউগাছ, সৈকতের লতাগুল্মের ক্ষতি করার অভিযোগ করেছেন পরিবেশকর্মীরা। এলাকায় সাবস্টেশন, শৌচাগার, ইটের হাঁটাপথ ও আলোকসজ্জাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ নিয়েও আপত্তি উঠেছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী হাসানুল বান্না বলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এলাকা পরিদর্শন করে ঝাউগাছ কাটা, ঘাস উপড়ে ফেলা ও সৈকতের লতাগুল্ম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পেয়েছে। এ ঘটনায় ১৮ নভেম্বর সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়ে কার্নিভাল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা আহমেদ সুপ্রতিম গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, হাঁটার পথ তৈরির জন্য শুধু ঘাস ছাঁটাই করা হয়েছে।

কার্নিভালে একবার প্রবেশের টিকিট ২০০ টাকা এবং সারা দিনের টিকিট ৫০০ টাকা। টিকিটে ছয়টি সাধারণ জোনে প্রবেশের সুযোগ থাকলেও ১৫টি জোনের কয়েকটিতে বাড়তি ফি দিতে হবে। কায়াকিংয়ের জন্য ৫০ টাকা নির্ধারণের কথা জানা গেছে।

অন্যদিকে বিনা ভাড়ায় পাওয়া জমিতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দিয়ে বড় অঙ্কের অর্থ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বরাদ্দের তথ্য অনুযায়ী, ২০টি কনটেইনার ফুড প্যাভিলিয়নের প্রতিটির ভাড়া ১৫ লাখ টাকা। এর সঙ্গে ১০ শতাংশ সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিল আলাদা। ৫০টি প্যাগোডা ফুড স্টলের প্রতিটির ভাড়া ৩ লাখ টাকা, সঙ্গে ১৫ শতাংশ সার্ভিস চার্জ। ২০টি পপ-আপ ফুড কার্টের ভাড়া দেড় লাখ টাকা করে। এদিকে অনিয়ম আড়াল করতে কার্নিভাল এলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। তবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর বলেন, ‘সাংবাদিকদের প্রবেশে আমরা কোনো নিষেধাজ্ঞা দেইনি।’ তিনি বলেন, কার্নিভালের জন্য নির্মিত অস্থায়ী স্থাপনা ও অন্যান্য আয়োজন তিন মাস পর সরিয়ে ফেলা হবে।

কক্সবাজারে রুম টু রিড’র আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন,শিশুবিয়ে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
কক্সবাজারে রুম টু রিড’র আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন,শিশুবিয়ে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

কক্সবাজারে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষার অধিকার নিশ্চিত, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং মেয়েদের ক্ষমতায়নে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে রুম টু রিড বাংলাদেশের জেন্ডার ইকুয়্যালিটি পোর্টফোলিও (জিইপি)।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) ও যুগ্মসচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, কন্যাশিশুদের বড় স্বপ্ন দেখতে এবং আত্মবিশ্বাস, অধ্যবসায় ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে উৎসাহিত করতে হবে। জীবনের লক্ষ্য অর্জনে পরিশ্রম ও ইতিবাচক মানসিকতার বিকল্প নেই।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা কন্যাশিশুদের আগেই শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির হটলাইন নম্বর সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে হবে, যাতে হয়রানির ঘটনায় দ্রুত অভিযোগ ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়।

 

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বপ্ন বাস্তবায়নে পরিবার, বিদ্যালয় ও প্রশাসনের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

 

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম কক্সবাজারসহ দেশের নয়টি জেলায় রুম টু রিডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অপারেশনস ডিরেক্টর বদরুজ্জামান বাদল স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য তাদের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। এ সময় জিইপি কার্যক্রমের সহায়তায় জীবনে ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন একজন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী।

 

এ ছাড়া এসএসসি উত্তীর্ণ জিইপি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় ও অংশীজনদের সম্মাননা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে কক্সবাজারের ছয়টি কলেজ ও ১৮টি বিদ্যালয়ের প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়ন সহযোগী, সাংবাদিক এবং রুম টু রিড বাংলাদেশের প্রতিনিধিসহ মোট ১৯০ জন অংশ নেন।

 

অনুষ্ঠান থেকে কন্যাশিশুর শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি শিশুবিয়ে প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান: রিজভী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান: রিজভী

আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের মধ্যে মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি মানেই তারা মনে করে মানুষ খুন করা, যারা তাদের বিরুদ্ধে আছে, তাদের ধ্বংস করে দেওয়া।

রোববার (২২ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদেরকে জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করবো, আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। যারা অপরাধ করছে, রক্ত চুষে নিচ্ছে, এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন। যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর তারা নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসেই মেতেছে। তারা ১৭ বছর ধরে অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। তাদের ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই।

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন দেশটিতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তার দেশে ফেরার সুবিধাজনক রুট নির্ধারণে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা। পরে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চারজন হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

পেট্রাপোল সীমান্ত থেকে এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন চার নেতা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়াতে সচেষ্ট ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

টয়োটা ফরচুনার একটি গাড়িতেই ছিলেন ওই চার নেতা। ছবি: কারঅ্যান্ডবাইক
টয়োটা ফরচুনার একটি গাড়িতেই ছিলেন ওই চার নেতা। ছবি: কারঅ্যান্ডবাইক

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর খবরে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিশ্চিতে একটি রুটের ওপর ভরসা না করে বিকল্প রুট নিয়েও চিন্তাভাবনা চলছে। এর অংশ হিসেবে পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও ঘুরে দেখবেন আওয়ামী লীগ নেতারা।

আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করবেন তারা।

নিউজ ১৮ ও এই সময়-এর খবরে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুধু একটি রুটের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা খোলা রাখতে চায় আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি।