খুঁজুন
, ,

গণছুটির ঘোষণা পবিসের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
গণছুটির ঘোষণা পবিসের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পবিসের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি বলেন, একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখি আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করছে। এর ফলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এ সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে ওনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি।

নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান জানিয়েছি। সংবিধান সংশোধন কমিটি সংস্কার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই এ কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছি।

বৈঠক শেষে আলাদা ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এনসিপির পক্ষ থেকে ঐক্যের বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, আলোচনায় শর্তের বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধি দল তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছে। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঐক্যকে আরও সুসংহত করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

মৃত্যুবার্ষিকীতে আলোচনায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য

জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে

ছবি: এআই

বিএনপির প্রভাবশালী নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার একটি বক্তব্য। নিজের বিরুদ্ধে চলা মামলার বিচারকালে তিনি বলেছিলেন, ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।’

গতকাল রোববার (২২ নভেম্বর) তার মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো বক্তব্যটি নতুন করে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বক্তব্যটি নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।

২০১৫ সালের ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তার সেই বক্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বিচার চলাকালে করা মন্তব্যটি আবার সামনে আনছেন। ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক এই সদস্য নিজের বিচার চলাকালে ট্রাইব্যুনালকে সচল রাখার কথা বলেছিলেন। তার বক্তব্যের একটি অংশ ছিল, ‘এখানে একদিন হাসিনারও বিচার হবে।’

সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৪৯ সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তার বাবা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৬ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। ২০১২ সালের ৪ এপ্রিল তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পরে আপিল বিভাগেও মৃত্যুদণ্ড বহাল থাকে। ২০১৫ সালের ১৮ নভেম্বর আপিল বিভাগের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তার মৃত্যুদণ্ড কার্যকরের পথ তৈরি হয়। ওই বছরের ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। একই রাতে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারপ্রক্রিয়া নিয়ে সে সময় দেশি-বিদেশি বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আসামিপক্ষের সাক্ষী হাজিরের সুযোগ সীমিত করার সমালোচনা করেছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, রাষ্ট্রপক্ষকে ৪১ জন সাক্ষী হাজির করার সুযোগ দেওয়া হলেও আসামিপক্ষের জন্য সাক্ষীর সংখ্যা চারজনে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তার পক্ষে অ্যালিবাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করার বিষয়টিও সমালোচনার মুখে পড়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছিল।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর ১১ বছর পূর্তি উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাউজানের গহিরায় পারিবারিক বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে পরিবারের সদস্য, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পরিবারের সদস্যরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সেই তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সেই তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্তের পর আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্সিয়াল কমপ্লেক্সে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে রাজধানীর ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পদপ্রত্যাশী নেত্রী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের ছাত্রলীগের কর্মসূচিতে বসা নিয়ে ঢাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগ ও ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অনুষ্ঠানের সামনের চেয়ারে বসা ছিলেন রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তারা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানালে মিহার থুতনি ধরে ঝাঁকি দেন রিভা।

পরে অনুষ্ঠান শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় রিভার গলা টিপে ধরে থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা।

রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। আর তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।