খুঁজুন
, ,

সুস্থ হতে প্রবাসী এসেছিলেন দেশে, ট্রাক কেড়ে নিল প্রাণ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
সুস্থ হতে প্রবাসী এসেছিলেন দেশে, ট্রাক কেড়ে নিল প্রাণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার সময় অজ্ঞাত নামা ট্রাকের চাপায় শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শাহজালাল উপজেলা পৌরসভার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। সোমবার(১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় চৌদ্দগ্রাম লাকসাম আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন, চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ।

নিহতের বড় ভাই শাহাদাত জানান, ’আমার ভাই প্রবাসে অসুস্থ্য হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর পাচঁ ঘটিকায় সময় ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন বলেন, ‘প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে।

  1. সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ভুল করেছি মাফ করে দাও: পাটওয়ারী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ভুল করেছি মাফ করে দাও: পাটওয়ারী

জাতীয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে অতীতের রাজনৈতিক ভুলের জন্য জবাবদিহি করতে হবে এবং জুলাই গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও; আমি গণরায় বাস্তবায়ন করবো।’ সংলাপের নামে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন। সঞ্চালনা করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিন। প্রধান বক্তা ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত। এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত আট মাসে রাজপথে যারা অত্যাচার, হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে, বিএনপি তাদের পুনর্বাসন করেছে। অর্থ লেনদেনের মাধ্যমে থানায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে দলটি। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের ইতিহাস কোনো রাজনৈতিক সংলাপের কারণে মুছে যেতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগের কারণেই তাকে জীবন দিতে হয়েছিল।
পাটওয়ারী আরও বলেন, ‘আপনার বাপ যে ভুল করেছেন, আপনি সেই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া ইতিহাসের দায়িত্ব।’
তিনি বলেন, তারেক রহমান যদি মনে করেন আলোচনার সুযোগ নিয়ে গণভোটের গণরায় ও জুলাই গণহত্যার বিচার এড়িয়ে যাবেন, তাহলে তা হবে আকাশ-কুসুম কল্পনা। তরুণরা এখনো রাজপথে আছেন। প্রয়োজনে তারা মসনদের দোরগোড়ায় গিয়ে হলেও গণরায় বাস্তবায়ন করিয়ে ছাড়বেন।

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরেন এনসিপির নেতারা। দাবিগুলো হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, জুলাই বিপ্লবের গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংলাপের নামে দাবি বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা যাবে না। জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্যের আলোচনা অর্থবহ হবে না।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশে ভারতীয় পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না এবং ভারতীয় পণ্য বর্জন করতে হবে।

সমাবেশ শেষে নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি কোতোয়ালী ও লালদীঘি এলাকা প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

কোরআনে ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
কোরআনে ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম!

ধর্ম, যুক্তি ও বিশ্বাস নিয়ে মানুষের অনুসন্ধান কখনো কখনো জীবনের গতিপথ বদলে দেয়। এমনই দুই গণিতবিদের গল্প সামনে এসেছে, যাঁরা ভিন্ন ধর্মীয় ও দার্শনিক অবস্থান থেকে কোরআন পড়তে শুরু করেছিলেন। একজন ছিলেন দীর্ঘদিন খ্রিষ্টধর্মের প্রচারক, অন্যজন প্রায় এক দশক নাস্তিক হিসেবে জীবন কাটিয়েছেন। পরবর্তীতে কোরআন অধ্যয়ন ও ব্যক্তিগত অনুসন্ধানের মধ্য দিয়ে দুজনই ইসলাম গ্রহণ করেন।

 

তাঁরা হলেন কানাডার গণিতবিদ গ্যারি মিলার এবং যুক্তরাষ্ট্রের গণিতের অধ্যাপক জেফ্রি ল্যাং। তাঁদের ইসলাম গ্রহণের পেছনে ধর্মীয় বিশ্বাস, যুক্তি, প্রশ্ন এবং কোরআন পাঠের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে তাঁদের জীবনী ও বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে।

 

গ্যারি মিলার জীবনের একটি পর্যায়ে প্রায় ১৫ বছর খ্রিষ্টধর্মের প্রচারক হিসেবে কাজ করেন। ধর্মীয় বিশ্বাস ও ধর্মগ্রন্থ নিয়ে তাঁর আগ্রহ থেকেই পরবর্তীতে তুলনামূলক ধর্ম অধ্যয়নের দিকে ঝুঁকে পড়েন। ১৯৭৭ সালের দিকে তিনি কোরআন পড়তে শুরু করেন।

 

তবে কোরআন পড়ার উদ্দেশ্য শুরুতে ইসলাম গ্রহণ করা ছিল না। বরং বাইবেলের মতো কোরআনও যাচাই করে দেখা এবং এর মধ্যে কোনো অসংগতি, ভুল কিংবা যুক্তিগত দুর্বলতা খুঁজে বের করাই ছিল তাঁর উদ্দেশ্য। একজন খ্রিষ্টধর্মের প্রচারক হিসেবে ইসলামি ধর্মগ্রন্থ সম্পর্কে জানার আগ্রহ থেকেই তিনি এ অনুসন্ধান শুরু করেছিলেন।

 

কিন্তু কোরআন পাঠ করতে গিয়ে তাঁর চিন্তায় পরিবর্তন আসে। কোরআনের বক্তব্য, যুক্তি ও উপস্থাপনা তাঁর প্রত্যাশার সঙ্গে মেলেনি বলে তাঁর জীবনীতে উল্লেখ করা হয়েছে। তিনি যে ধরনের অসংগতি খুঁজে পাওয়ার আশা করেছিলেন, তার পরিবর্তে ধর্মগ্রন্থটির বিভিন্ন বক্তব্য তাঁকে ভাবতে বাধ্য করে।

 

বিশেষ করে সূরা নিসার ৮২ নম্বর আয়াত তাঁর চিন্তায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আয়াতটিতে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণার আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারও পক্ষ থেকে আসত, তবে এতে অনেক অসংগতি পাওয়া যেত।

 

এই আয়াতসহ কোরআনের সামগ্রিক বক্তব্য, ধর্মীয় যুক্তি ও নিজের চিন্তার সঙ্গে এর সামঞ্জস্য তাঁকে প্রভাবিত করে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ‘আবদুল আহাদ ওমর’ নাম ধারণ করেন।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গণিতের অধ্যাপক জেফ্রি ল্যাংয়ের ইসলাম গ্রহণের গল্পও বেশ ব্যতিক্রমী। ক্যাথলিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা ল্যাং ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশের সঙ্গে পরিচিত ছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধর্ম, স্রষ্টার অস্তিত্ব এবং জীবনের উদ্দেশ্য নিয়ে তাঁর মনে নানা প্রশ্ন তৈরি হয়।

 

মাত্র ১৮ বছর বয়সে তিনি নিজেকে নাস্তিক হিসেবে বিবেচনা করতে শুরু করেন। এরপর প্রায় ১০ বছর তিনি নাস্তিক অবস্থানে ছিলেন। ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে যুক্তি ও প্রশ্নের মাধ্যমে পৃথিবী, জীবন এবং মানুষের অস্তিত্ব বোঝার চেষ্টা করতেন।

 

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও শিক্ষকতার সময় এক মুসলিম শিক্ষার্থীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ইসলাম ও ধর্ম নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় জেফ্রি ল্যাং নিজের নানা প্রশ্ন ও সংশয় তুলে ধরতেন। ওই শিক্ষার্থীর সঙ্গে কথোপকথন এবং ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিতর্ক তাঁকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে।

 

একপর্যায়ে তিনি কোরআনের একটি অনুবাদ হাতে পান। শুরুতে সংশয় ও প্রশ্ন নিয়ে বইটি পড়লেও ধীরে ধীরে কোরআনের বক্তব্য তাঁর চিন্তায় গভীর প্রভাব ফেলে। তাঁর নিজের লেখা Struggling to Surrender বই এবং বিভিন্ন সাক্ষাৎকারেও ইসলাম গ্রহণের পেছনে এই অনুসন্ধানের অভিজ্ঞতা উঠে এসেছে।

 

 

পরবর্তীতে ১৯৮২ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। নাস্তিকতা থেকে ধর্মীয় বিশ্বাসে ফিরে আসার এই অভিজ্ঞতা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হয়।

 

গ্যারি মিলার ও জেফ্রি ল্যাংয়ের ইসলাম গ্রহণের ঘটনা দুটি ভিন্ন পটভূমির মানুষের ব্যক্তিগত অনুসন্ধানের গল্প। একজন ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, অন্যজন দীর্ঘদিন স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করতেন না। কিন্তু দুজনেরই ধর্ম, যুক্তি ও বিশ্বাস নিয়ে প্রশ্ন ছিল।

 

তাঁদের অভিজ্ঞতায় কোরআন পাঠ, ধর্মীয় আলোচনা এবং নিজের প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই অনুসন্ধানের মধ্য দিয়েই তাঁরা নিজেদের বিশ্বাস পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

 

তবে তাঁদের ইসলাম গ্রহণের ঘটনাকে বৈজ্ঞানিক গবেষণার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। বরং ধর্ম, যুক্তি, দর্শন ও ব্যক্তিগত বিশ্বাস নিয়ে মানুষের অনুসন্ধান কীভাবে জীবনের বড় পরিবর্তন ঘটাতে পারে, তাঁদের গল্প সেই অভিজ্ঞতারই দুটি উদাহরণ।

বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি, তালিকা প্রকাশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি, তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিন শতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এসব নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় বিভক্তি কমিয়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি, তালিকা প্রকাশ
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে যারা দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাদের আবেদন বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হওয়া সাত নেতার দলে ফেরার বিষয়টি আলোচনায় রয়েছে।

এই সাত নেতা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় রয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম ও ঢাকা-১৪ আসন থেকে ভোট করা এস এ সিদ্দিক সাজু।

এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন ও মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন ও সদস্য মো. মুমিন আলী এবং কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নুর নাম রয়েছে।

সম্ভাব্য তালিকায় রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য।

গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ও সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামালের নামও আলোচনায় রয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

বহিষ্কৃত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউ কেউ ইতিমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে তারাও আবেদন করবেন।

তাদের ভাষ্য, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত তারা পরিস্থিতি বিবেচনা করেই নিয়েছিলেন। এখন দলে ফেরার জন্য আবেদন করলে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হতে পারে। তাদের মতে, আবেদন প্রক্রিয়াটি মূলত আনুষ্ঠানিকতা। কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে যেকোনো সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

তিনি বলেন, সব আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক রকম নয়। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন এবং যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়গুলো বিবেচনা করছেন।

দলীয় সূত্রের ভাষ্য, নির্বাচনের সময় তৈরি হওয়া বিভক্তি কাটিয়ে নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কাঠামোর মধ্যে ফিরিয়ে আনাই এই উদ্যোগের লক্ষ্য। তবে শেষ পর্যন্ত কারা দলে ফিরবেন, তা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।