আবারও ফরিদের প্যারাসেইলিং থেকে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগরে ‘এফ্লাই এয়ার সি স্পোর্টস’ নামক প্যারাসেইলিং পয়েন্টে আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে শৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক মো. ফরিদ নামে এক ব্যক্তি।
নিহত শৌভিক খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। তিনি পরিবারের ৯ সদস্যের একটি দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নকালে হঠাৎ নিরাপত্তা হারনেস ছিঁড়ে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত মালিক ফরিদ ফোন ধরেননি।
অভিযোগ রয়েছে, নিম্নমানের সরঞ্জাম দিয়ে দীর্ঘদিন ধরে এই প্যারাসেইলিং পয়েন্টটি পরিচালিত হয়ে আসছে। এর আগেও ২০২৪ সালে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছিল এবং বিভিন্ন সময়ে অন্তত ১০ জন পর্যটক আহত হয়েছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে পর্যটকদের প্যারাসেইলিং করানো হচ্ছিল। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আন্তর্জাতিক মানের নিরাপত্তা, নিয়মিত সরঞ্জাম পরীক্ষা ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত না করে এভাবে বারবার ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালানো নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন