এনসিপির অনুষ্ঠান ঠেকাতে স্পিডবোট বন্ধের অভিযোগ বিএনপি নেতা বোখারীর বিরুদ্ধে
কক্সবাজারের মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে অংশ নিতে যাতায়াতের জন্য ব্যবহৃত স্পিডবোটের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি আতাউল্লাহ বোখারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে এনসিপির মহেশখালী উপজেলা শাখা।
রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মহেশখালীর সন্তান শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনের কক্সবাজার যাতায়াতকে কেন্দ্র করে একটি স্পিডবোটের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে তাঁর যাতায়াতের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।
এনসিপির দাবি, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়ায় এর চালক কর্মহীন হয়ে পড়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আয়ের ওপর পরিবারের ভরণপোষণ ও অসুস্থ মায়ের চিকিৎসা নির্ভরশীল। রাজনৈতিক বিরোধের জেরে একজন শ্রমজীবী মানুষের জীবিকা বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ঘাট, পরিবহনব্যবস্থা কিংবা শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যক্তিগত আধিপত্য ও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হতে পারে না। মহেশখালী জেটিঘাটে স্পিডবোট মালিক, চালক ও কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার, কমিশন আদায় এবং ভয়ের পরিবেশ তৈরির অভিযোগও নিরপেক্ষ তদন্তের দাবি জানায় সংগঠনটি।
এনসিপি অবিলম্বে স্পিডবোটটির চলাচল স্বাভাবিক করা, চালকের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জেটিঘাটে অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন এনসিপির মহেশখালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদা।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা আতাউল্লাহ বোখারীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মতামত লিখুন