খুঁজুন
, ,

দুবাই ফেরত যাত্রীর পায়ুপথ থেকে বের হলো স্বর্ণের ডিম,রেহাই পেলেন না তিনি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
দুবাই ফেরত যাত্রীর পায়ুপথ থেকে বের হলো স্বর্ণের ডিম,রেহাই পেলেন না তিনি
শেয়ার করুন

রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।

 

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

 

এক্স-রে পরীক্ষায় যাত্রী হাসান মিয়ার রেক্টামে (পায়ুপথের সঙ্গে যুক্ত) লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।

 

উদ্ধারকৃত বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।

 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের উদ্ঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
শেয়ার করুন

কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, ডিসেম্বর মাসকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল ও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও ডিসেম্বর মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল বিএনপি।

বৈঠক সূত্র আরও জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচিও নেওয়া হবে না।

 

সূত্র আরও জানায়, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি বা সাংস্কৃতিক কর্মসূচির মতো রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৈঠকে গোপালগঞ্জের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন কেউ কেউ। তবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখছেন বলেও জানান তারেক রহমান। জানা গেছে, দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।

 

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

 

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
শেয়ার করুন

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

 

জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী একটি মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। একপর্যায়ে তাঁরা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায়।

 

পরে মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। দুর্বৃত্তরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

 

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরের দুটি পৃথক স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনসিপির অনুষ্ঠান ঠেকাতে স্পিডবোট বন্ধের অভিযোগ বিএনপি নেতা বোখারীর বিরুদ্ধে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
এনসিপির অনুষ্ঠান ঠেকাতে স্পিডবোট বন্ধের অভিযোগ বিএনপি নেতা বোখারীর বিরুদ্ধে
শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে অংশ নিতে যাতায়াতের জন্য ব্যবহৃত স্পিডবোটের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি আতাউল্লাহ বোখারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে এনসিপির মহেশখালী উপজেলা শাখা।

রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মহেশখালীর সন্তান শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনের কক্সবাজার যাতায়াতকে কেন্দ্র করে একটি স্পিডবোটের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে তাঁর যাতায়াতের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।

এনসিপির দাবি, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়ায় এর চালক কর্মহীন হয়ে পড়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আয়ের ওপর পরিবারের ভরণপোষণ ও অসুস্থ মায়ের চিকিৎসা নির্ভরশীল। রাজনৈতিক বিরোধের জেরে একজন শ্রমজীবী মানুষের জীবিকা বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ঘাট, পরিবহনব্যবস্থা কিংবা শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যক্তিগত আধিপত্য ও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হতে পারে না। মহেশখালী জেটিঘাটে স্পিডবোট মালিক, চালক ও কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার, কমিশন আদায় এবং ভয়ের পরিবেশ তৈরির অভিযোগও নিরপেক্ষ তদন্তের দাবি জানায় সংগঠনটি।

এনসিপি অবিলম্বে স্পিডবোটটির চলাচল স্বাভাবিক করা, চালকের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জেটিঘাটে অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন এনসিপির মহেশখালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদা।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা আতাউল্লাহ বোখারীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।