২০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন
কক্সবাজারের ইনানীতে পুড়ছে প্রাকৃতিক সম্পদ
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীর ছোটখাল। গত ২৭ অক্টোবর সেখানে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে হঠাৎ বেরিয়ে আসে গ্যাস। মুহূর্তেই সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ২০ দিন ধরে জ্বলছে আগুন।
দিন-রাত অবিরাম জ্বলতে থাকা সেই আগুনে একদিকে যেমন পুড়ছে দেশের সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে বাড়ছে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
মাটির গভীর থেকে বেরিয়ে আসা গ্যাসের উৎস, মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা চলছে।
প্রাথমিক পরীক্ষায় উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতির আভাস পাওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এতে নতুন গ্যাসের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হলেও বাস্তবে এখন পর্যন্ত সেই গ্যাসের প্রবাহ বন্ধ করা কিংবা নিরাপদে সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।
ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল এসেছে, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, পর্যবেক্ষণও চলছে। ভারী যন্ত্রপাতিও পৌঁছেছে। কিন্তু কবে নাগাদ আগুন নেভানোর মূল অভিযান শুরু হবে, তার সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কার পাশাপাশি পুরো পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, মাটির গভীর থেকে নির্গত গ্যাসে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে সাধারণ মানুষের চলাচলেও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আগুনের স্থায়িত্ব এবং গ্যাসের প্রকৃত উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, বাপেক্সের টিম একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও তাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। শুধু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলা হচ্ছে। অথচ দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ এভাবে দিনের পর দিন আগুনে পুড়তে থাকায় কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
স্থানীয় যুবক আলাউদ্দিন বলেন, যেগুলো জ্বলছে, সেগুলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এত দিন ধরে গ্যাস জ্বলছে, অথচ এখনো কার্যকর কোনো সমাধান চোখে পড়ছে না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট কারিগরি অভিজ্ঞতা ও উন্নত প্রযুক্তির প্রয়োজন। সংশ্লিষ্টদের পর্যাপ্ত বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সক্ষমতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার বলে মনে করি।
সোহেল নামের আরেক স্থানীয় যুবক বলেন, বাপেক্সের টিম কী করছে, সে বিষয়ে স্থানীয়রা স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না। শুধু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলা হচ্ছে। কত দিন এভাবে চলবে, আগুন কবে নিভবে কিংবা গ্যাসের কী হবে- এসব বিষয়ে পরিষ্কার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সচেতন মহলের কেউ কেউ বলছেন, গ্যাসের উৎস ও প্রকৃত অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও স্বচ্ছভাবে তথ্য প্রকাশ করা প্রয়োজন। এখানে কী পরিমাণ গ্যাস রয়েছে, সেটি কীভাবে নির্গত হচ্ছে এবং কেন এত দিনেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না- এসব প্রশ্নের উত্তর জনসমক্ষে আসা উচিত। প্রয়োজনে দেশি বিশেষজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন কারিগরি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে বিষয়টি মূল্যায়নের দাবিও উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ নভেম্বর) সকালে ঘটনাস্থলে ভারী ড্রিলিং পাইপ বা ২০ ইঞ্চি কেসিং, মোবাইল ক্রেন, ভারী জেনারেটর এবং ব্লোআউট প্রিভেন্টরসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছানো হয়। এসব সরঞ্জাম স্থাপনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এনে আগুন নেভানোর পরিকল্পনা করছে বাপেক্স।
একই দিন সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন নেভানোর সম্ভাব্য পদ্ধতি, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন তাঁরা। তবে সরঞ্জাম পৌঁছানো এবং বিশেষজ্ঞদের পরিদর্শনের পরও মূল অভিযান শুরুর নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভূতত্ত্ববিদ ও রিজার্ভার প্রকৌশলীরা এলাকাটি পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ করবেন। সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদনের সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া হতে পারে। বর্তমান নলকূপের গর্ত থেকে সরাসরি গ্যাস উৎপাদন সম্ভব নয়।
গ্যাসের মজুত ও উৎপাদন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি বলেন, এখানে গ্যাসের উপস্থিতি দেখা গেলেও এর প্রকৃত পরিমাণ, উৎপাদন সক্ষমতা কিংবা বাণিজ্যিক সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। আপাতত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুন নিয়ন্ত্রণে আনাই প্রধান লক্ষ্য।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. সোয়েব বলেন, এর আগে ১৫ দিন আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। তবে আগুনের মাত্রা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন আগুন নেভানোর পরিকল্পনা করা হয়েছে। পুরো কার্যক্রম পরিচালনা করবে বাপেক্স। এ বিষয়ে কারিগরি পরামর্শ ও প্রস্তুতি পর্যালোচনার জন্য বুয়েট, শেভরন ও বাপেক্সের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুরুতে গ্যাস নির্গমনের ঘটনার পর বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতির আভাস পাওয়া গিয়েছিল। সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের ধারণা, সেখানে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণসহ আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছিলেন তারা।
বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম এর আগে জানিয়েছিলেন, ইনানীর গ্যাসের সঙ্গে কনডেনসেটের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ আলামত।
দেশের ভোলার শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় অগভীর স্তরে পাওয়া বায়োজেনিক গ্যাসের সঙ্গে সাধারণত পানি উঠে আসে। কিন্তু ইনানীতে নির্গত গ্যাসের বৈশিষ্ট্য ভিন্ন। এর সঙ্গে কনডেনসেট পাওয়া যাচ্ছে, যা ভূগর্ভে উচ্চমাত্রার হাইড্রোকার্বনের উপস্থিতির ইঙ্গিত দেয়।
কনডেনসেট হলো প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া মূল্যবান হালকা তরল পেট্রোলিয়ামজাত পদার্থ। ফলে ইনানীতে এর উপস্থিতি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিলেও শুধু এ আলামতের ভিত্তিতে সেখানে বড় ধরনের গ্যাসের মজুত কিংবা বাণিজ্যিক গ্যাসক্ষেত্র রয়েছে বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর পরীক্ষাগারে পাঠানো নমুনার চূড়ান্ত ফলাফল কী এসেছে, গ্যাসের প্রকৃতি ও সম্ভাব্য মজুত সম্পর্কে পরবর্তী মূল্যায়ন কী-এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জনসমক্ষে আসেনি। এ নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে গ্যাস নির্গমন ও আগুনের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নলকূপ খননের জমির মালিক আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় তাঁর জমির স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে। চলাচলের জন্য নিজের অর্থায়নে নির্মাণ করা একটি কালভার্টও ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
আব্দুল্লাহ বলেন, এই আগুনের কারণে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশের লাভের জন্য হলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন পর্যন্ত লাভের কিছুই দেখছি না। আমার চলাচলের কালভার্টটিও ভেঙে গেছে, যেটি আমি নিজের অর্থায়নে তৈরি করেছিলাম। এখন যারা এসব দেখভাল করছেন, তারা আমাকে আরও তিন মাস অপেক্ষা করতে বলেছেন। দেখা যাক, কী হয়।
প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা, কারিগরি সক্ষমতা এবং জননিরাপত্তা-তিনটি বিষয় এখন ইনানীর এই ঘটনাকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে মাটির নিচ থেকে নির্গত গ্যাসের সঙ্গে কনডেনসেটের উপস্থিতি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে টানা ২০ দিন ধরে আগুন জ্বলতে থাকায় গ্যাসের অপচয় ও নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, গ্যাসের প্রকৃতি, উৎস, চাপ, পরিমাণ ও ভূগর্ভস্থ অবস্থান নির্ধারণে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে আনার পরই এসব বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নের সুযোগ তৈরি হবে। বাণিজ্যিক সম্ভাবনা পাওয়া গেলে ভবিষ্যতে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া যেতে পারে।
তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন- কবে নিভবে ইনানীর এই আগুন? কবে বন্ধ হবে অনিয়ন্ত্রিত গ্যাসের নির্গমন? আর ভূগর্ভ থেকে বেরিয়ে আসা এই গ্যাস শেষ পর্যন্ত দেশের জ্বালানি সম্পদে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি করবে কি না?
এসব প্রশ্নের উত্তর পেতে এখন বাপেক্সের কার্যকর পদক্ষেপ ও পূর্ণাঙ্গ কারিগরি মূল্যায়নের অপেক্ষায় কক্সবাজারের ইনানীবাসী।

আপনার মতামত লিখুন