সরকারি গাড়ি ও ভাড়াটে মডেল নিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে কর কমিশনারের ফুর্তি!
জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-কক্সবাজারের কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। তিনি ঢাকা কলেজের এইচএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী। সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজ ব্যাচের সহপাঠীদের নিয়ে আয়োজন করেছেন পুনর্মিলনী অনুষ্ঠান। কক্সবাজারের মতো পর্যটন এলাকায় প্রায় শতাধিক অংশগ্রহণকারীকে নিয়ে করেছেন আমোদ-ফুর্তি। এ অনুষ্ঠানে কর অঞ্চলের সরকারি গাড়ি ব্যবহার, রিসোর্ট বুকিং এবং ঢাকা থেকে ভাড়াটে মডেল আনার অভিযোগ উঠেছে কমিশনারের বিরুদ্ধে। যা সরকারি চাকরি আইনের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঘটনাটি গত ১৬ অক্টোবরের। পুনর্মিলনী অনুষ্ঠানের নামে আমোদ-ফুর্তির আয়োজন করতে কক্সবাজারের ইনানী রয়্যাল রিসোর্টের ভাড়া নেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিনোদন ও মনোরঞ্জনের জন্য ঢাকা থেকে নেওয়া হয় কয়েকজন ভাড়াটে মডেল।
তাদের যাতায়াত, থাকা-খাওয়া এবং অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের ব্যয় বহনসহ পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। ব্যক্তিগত এ আয়োজনে একাধিক সরকারি গাড়িও ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুটি গাড়ির নম্বর পাওয়া গেছে—ঢাকা মেট্রো-ঘ ২১-৪২৭১ এবং চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯১৮১। এসব তথ্য উঠে এসেছে এনপিবির অনুসন্ধানে।
শুধু কমিশনারের যাতায়াত নয়, পুনর্মিলনীতে অংশ নেওয়া বন্ধুদের আনা-নেওয়ার জন্যও সরকারি গাড়ি ব্যবহার করা হয়েছে। এমনকি তার অধীনস্থ কার্যালয়ের সব গাড়িই এ আয়োজনে কাজে লাগানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
রিসোর্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, পুরো রিসোর্টের বুকিং সরাসরি কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের নামে করা হয়। ফলে ব্যক্তিগত আয়োজনটির সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি বুকিংয়ের তথ্যেও উঠে এসেছে।
ঢাকা থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক নারী নাম প্রকাশ না করার শর্তে এনপিবি নিউজকে বলেন, ‘আমাদের সাথে যোগাযোগ করা হয় কক্সবাজারের একজন লোকের মাধ্যমে। তিনি সরকারি চাকরিজীবী বলে জানতে পেরেছি। আমাদের সঙ্গে সরাসরি কথা হয়নি তার। তবে কক্সবাজারে আমাদেরকে রিসিভ করে একটি হায়েস গাড়ির মাধ্যমে রিসোর্ট পর্যন্ত নিয়ে যায় একজন ব্যক্তি।’
এই অনুষ্ঠানে তাদের কী কাজ ছিল জানতে চাইলে একজন মডেল বলেন, ‘আমাদের নিয়ে কি করে? আমরা অনুষ্ঠানে ছিলাম, আনন্দ করেছি।’
ব্যক্তিগত আয়োজনে সরকারি গাড়ির বহর একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত সামাজিক অনুষ্ঠানে সরকারি যানবাহন ব্যবহার গুরুতর আইন লঙ্ঘন বলে মনে করছেন এনবিআরের কর্মকর্তারা। কারণ সরকারি গাড়ির জ্বালানি, চালকের বেতন, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় নির্বাহ করা হয় রাষ্ট্রীয় অর্থে। শেষ পর্যন্ত এসব ব্যয়ের উৎস জনগণের করের টাকা। কর কমিশনারের মতো রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর বলে জানান এনবিআরের একজন কর্মকর্তা।
তার মতে, কর অঞ্চলের দায়িত্বের মধ্যে রয়েছে কর আদায়, রাজস্ব প্রশাসন পরিচালনা এবং সরকারি আয় বাড়ানোর কার্যক্রম তদারক করা। অথচ ব্যক্তিগত অনুষ্ঠানে সরকারি দপ্তরের যানবাহন ব্যবহারের অভিযোগ উঠলে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়।
তিনি আরও বলেন, ‘কর কমিশনারের মূল কাজই হলো কর আয় বাড়ানো। এরমধ্যে নিজের আওতাধীন এলাকার কোনো কর আদায়যোগ্য প্রতিষ্ঠান থেকে কোনোরকম সুবিধা নেওয়াও গুরুতর আইনের লঙ্ঘন। এতে ক্ষতি হবে সরকারের রাজস্ব আদায়ে।’
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ব্যবহৃত দুটি গাড়ির একটি ঢাকা মেট্রো-ঘ ২১-৪২৭১ এবং অন্যটি চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯১৮১। গাড়ির লগবুক, চলাচলের রেকর্ড ও জ্বালানি বিল সম্পর্কে জানতে চাইলেও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি কক্সবাজার কর অঞ্চল।
একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য একাধিক সরকারি যানবাহন ব্যবহার করা ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা।
রিসোর্ট ভাড়া ও মডেলদের ব্যয় কার?
অনুষ্ঠানের জন্য ইনানী রয়্যাল রিসোর্ট ভাড়া নেওয়া হয়। যা রিসোর্ট কর্তৃপক্ষও এনপিবি নিউজরে কাছে স্বীকার করেছে। রিসোর্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বুকিং করা হয়েছিল কমিশনারের নিজের নামে। তবে রিসোর্ট ভাড়ার মোট অর্থ কত, কে বিল পরিশোধ করেছেন এবং অর্থের উৎস কী—এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি রিসোর্ট কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে রিসোর্টের একজন কর্মী এনপিবি নিউজকে বলেন, ‘কমিশনার রিসোর্ট বুক করেছেন তার নামে। এর বেশি আমরা বলতে পারবো না। বলে কি বিপদে পড়বো নাকি?’
সরকারি গাড়ি ও ক্ষমতা ব্যবহারে আইন কী বলছে
সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৫ অনুযায়ী, সরকারি যানবাহনের অপব্যবহার রোধ ও নিয়ন্ত্রণে সরকার বিধিমালা প্রণয়ন করতে পারে। আইনের ৩(৩) ধারায় বলা হয়েছে, এ আইনের অধীন প্রণীত বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রযোজ্য শৃঙ্খলাসংক্রান্ত আইন বা বিধিমালায় শাস্তিযোগ্য অসদাচরণের ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ ছাড়া সরকারি যানবাহনের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও জনস্বার্থে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সরকারি নির্দেশনা রয়েছে। ফলে সরকারি গাড়ি কোন উদ্দেশ্যে বরাদ্দ ও ব্যবহার করা হয়েছে, তার হিসাব সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকা গুরুত্বপূর্ণ।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে—
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে—
সরকারি পদমর্যাদা বা ক্ষমতার অপব্যবহার করা যাবে না।
দায়িত্ব পালনের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হয়, এমন সুবিধা গ্রহণের বিষয়টি যাচাইযোগ্য।
কোনো করদাতা বা কর-সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা মূল্যে বা অস্বাভাবিক কম মূল্যে রিসোর্ট সুবিধা নিলে তা গুরুতর প্রশ্ন তৈরি করতে পারে।
বিধিমালা লঙ্ঘন প্রমাণিত হলে বিভাগীয় অসদাচরণের অভিযোগ আনা যেতে পারে। কর কমিশনারের পক্ষ থেকে রিসোর্ট বুকিং করা হয়েছে। এতে তার ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ আইনের ৫(১)(খ) ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা তার দাপ্তরিক দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান সুবিধা গ্রহণ করলে অপরাধের প্রশ্ন উঠতে পারে।
৫(১)(ঘ) ধারায় সরকারি পদ বা ক্ষমতার অপব্যবহার করে নিজের বা অন্য কারও জন্য আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টিও অপরাধ হিসেবে বিবেচিত।
কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন শহর। এই শহরে প্রচুর হোটেল, মোটেল, রেস্তোরাঁ অবস্থিত। এখান থেকে কর আদায় আরো বাড়াতে আলাদা কর অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ২০২৫ সালে। কিন্তু এখন পর্যন্ত এই কর অঞ্চলটি আশাব্যঞ্জক কোনো কার্যক্ষমতা দেখাতে পারেনি। নিয়মিত লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় করছে এই কর অঞ্চল।
কর কমিশনারের খামখেয়ালি আচরণের কারণে এই কর অঞ্চলের কর আদায় কমছে বলে অভিযোগ করেছেন খোদ এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি এনপিবি নিউজকে বলেন, ‘কর কমিশনারের বিরুদ্ধে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। তিনি তার উপর অর্পিত দায়িত্বের চেয়ে অন্য কাজে বেশি মনযোগী থাকছেন।’
এনবিআরের ভূমিকা নিয়ে প্রশ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের অধীন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের দাবি রাখে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়ে থাকলে কার নির্দেশে তা হয়েছে, কী পরিমাণ সরকারি অর্থ ব্যয় হয়েছে এবং এর পেছনে কোনো প্রশাসনিক অনুমোদন ছিল কি না—এসব বিষয়ে এনবিআরের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এ বিষয়ে কোনো মন্তব্য না করে এনবিআর থেকে বলা হয় এসব ছোটোখাটো ইস্যুতে নিউজ না করার জন্য। এসব নিউজ এনবিআরকে বিব্রত করে।
কমিশনারের মামলার হুমকি
এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সঙ্গে। তিনি প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে মামলার হুমকি প্রদান করেন। এই অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। তাকে দিয়ে এনপিবি নিউজের বিরুদ্ধে কোটি টাকার মামলা করা হবে বলে হুমকি দেন।

আপনার মতামত লিখুন