জাতীয় পর্যায়ে রানার্সআপ উখিয়ার একেএনসি উচ্চ বিদ্যালয়
৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে জাতীয় পর্যায়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।
গত ২৬ অক্টোবর রাজধানীর মুহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঢাকা পদ্মা অঞ্চলের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে দলটি রানারআপ হয়।
এর আগে দলটি প্রথমে উখিয়া উপজেলা চ্যাম্পিয়ন, পরবর্তীতে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন এবং পরে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য ও দলগত পারফরম্যান্সে তারা উখিয়ার ক্রীড়া ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই প্রথম উখিয়ার কোনো ফুটবল দল জাতীয় পর্যায়ে পৌঁছে রানারআপ হওয়ার সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
এদিকে, দলটি উখিয়ায় ফিরে এলে তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সকল খেলোয়াড়, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই অর্জন উখিয়া উপজেলার শিক্ষাক্ষেত্র ও ক্রীড়াঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন