টেকনাফে গাছে ঝুলে আছে যুবকের মরদেহ
টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খোংকারপাড়া এলাকায় নুর নবী (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর নবী ওই এলাকার মুফিজ মিয়ার ছেলে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে খোংকারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের নাফ শিশু পার্কের উত্তর পাশে একটি গরুর খামারে আমগাছের ঢালে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা মুফিজ মিয়া জানান,আমার ছেলে মানসিক রোগে ভুগছিল। প্রায় ৬ মাস আগে সে একবার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল, পরে অনেক খোঁজাখুঁজি করে ফিরিয়ে আনি। আজ সকালেও তাকে ঘুমের মধ্যে বাড়িতে দেখি। পরে দুই ভাই একসাথে গরুর খামারে যায়। ছোট ছেলে সমুদ্রের দিকে গেলে নুর নবী খামারে থাকে। কিছুক্ষণ পর ছোট ভাই খামারে ফিরে এসে তাকে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর আমাদের খবর দিলে আমরা গিয়ে নিশ্চিত হই নুর নবী মারা গেছে।নিহতের মামা আমান উল্লাহ বলেন, আমার ভাগিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন