খুঁজুন
, ,

তহবিল সংকটে কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
তহবিল সংকটে কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা
শেয়ার করুন

• তিনদফা মেয়াদ বাড়িয়েও হয়নি অর্থের যোগান
• ১ অক্টোবর থেকে সৈকতে থাকছে না লাইফগার্ড কর্মী
• কর্মহীন হয়ে পড়বেন কর্মীসহ ৩৫ কর্মকর্তা-কর্মচারী
• বিচ ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধানে ব্যবস্থা নেওয়ার দাবি

সৈকত ঘিরে কক্সবাজারে পর্যটনের প্রসার ঘটে নব্বইয়ের দশক থেকে। বছরজুড়ে বেলাভূমির নোনাজলের সান্নিধ্যে আসেন প্রায় অর্ধকোটি পর্যটক। গোসলকালে অনেক পর্যটক পানির স্রোতে তলিয়ে যান। বিপদাপন্ন পর্যটকদের উদ্ধার ও সচেতনতায় একযুগেরও বেশি সময় আগে শুরু হয় বেসরকারি সংস্থা সি-সেইফ লাইফগার্ডের সেবা কার্যক্রম। কিন্তু পর্যটকদের প্রাণ রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থাটির কার্যক্রম থেমে যাচ্ছে তহবিল সংকটে।

প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুগন্ধা-কলাতলী-লাবণী সৈকতে ‘লাল-হলুদ জার্সি’ পড়া কিছু যুবক বাঁশি বাজিয়ে ও উদ্ধার সরঞ্জাম নিয়ে একবুক পানিতে চলে যাওয়া পর্যটকদের তীরের কাছাকাছি চলে আসতে হাঁকডাক দেন। সোয়া যুগ ধরে চলে আসা চেনা সেই চিত্র আগামী ৩০ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাচ্ছে। ফলে পহেলা অক্টোবর থেকে সৈকতে গোসলে নামা পর্যটকরা থাকবে ঝুঁকিতে। গোসলকালে স্রোতের টানে ভেসে গেলে থাকবে না উদ্ধার তৎপরতা। সঙ্গে কর্মসংস্থান হারাবেন ২৭ জন লাইফগার্ড কর্মীসহ সংস্থার ৩৫ জন।

পর্যটনসেবীদের তথ্যমতে, পুরো বছরে কক্সবাজার সৈকত ভ্রমণে আসেন অর্ধকোটিরও বেশি পর্যটক-দর্শনার্থী। ১২০ কিলোমিটার সৈকতে পর্যটক সমাগম বেশি থাকা লাবনী-সুগন্ধা-কলাতলী পয়েন্টের পাঁচ কিলোমিটার অংশে ২৭ জন লাইফগার্ড কর্মী পালা করে সেবা দিয়ে আসছেন এক যুগের বেশি সময় ধরে। কিন্তু এসময় বাকি আরও ১১৫ কিলোমিটার সৈকত অরক্ষিত অবস্থায় থেকেছে। এখন লাইফগার্ড সেবা বন্ধ হলে এ পাঁচ কিলোমিটারও অরক্ষিত হয়ে পড়বে। লাইফগার্ড সেবা বন্ধ হয়ে গেলে পর্যটকরা নিরাপত্তার হুমকিতে পড়বেন। ভাটা পড়বে সৈকত ভ্রমণে আসা পর্যটন শিল্পে।

তথ্য বলছে, গত ৭ সেপ্টেম্বর বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন ক্রিকেটার মুশফিকের খালাতো ভাই শরিফুল ইসলামের ছেলে বগুড়ার কলেজছাত্র আয়মান (১৭)। ১৬ ঘণ্টা পর সমিতিপাড়া সৈকতে তার মরদেহ ভেসে আসে।

আর ৭ জুলাই সকালে মেরিন ড্রাইভের প্যাঁচারদ্বীপের হিমছড়ির সৈকতে গোসলে নেমে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী অরিত্র হাসান, সাদমান রহমান ও আসিফ আহমেদ। দুই ঘণ্টা পর হিমছড়ি সৈকতেই সাদমানের আর পরদিন ৮ জুলাই সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক শুঁটকিমহাল সৈকতে পাওয়া যায় আসিফ আহমেদের মরদেহ। কিন্তু আড়াই মাস অতিক্রান্ত হলেও অরিত্রের সন্ধান মেলেনি। এসব তথ্য জানার পর লাইফগার্ড সেবা কার্যক্রম বন্ধ হওয়ার খবরে পর্যটকরা আরও হতাশ।

বিদেশি সংস্থা ‘রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট’র (আরএনএলআই) অর্থায়নে ২০১২ সাল থেকে সি-সেইফ লাইফগার্ড সৈকতে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। গত একযুগে ২৭ জন লাইফগার্ড কর্মী সৈকতের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটারে স্রোতের টানে ভেসে যাওয়া অন্তত ৮১৫ পর্যটক-দর্শনার্থীকে উদ্ধার করেছেন। এতে প্রাণে রক্ষা পেয়েছেন তারা। একই সময় স্রোতের টানে বা রিপ-ক্যানেলে পড়ে সলিলসমাধি হয়েছে ৬৫ জনের।

সি-সেইফ লাইফগার্ডের সিনিয়র কর্মী ও ট্রেইনার মোহাম্মদ ওসমান বলেন, গত সপ্তাহেও সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে ভেসে যাওয়ার সময় সাতজনকে উদ্ধার করা হয়। চলতি বছরের এসময় পর্যন্ত সৈকতে গোসলে নেমে ভেসে গিয়ে মারা যান ১১ পর্যটক। এছাড়া ভেসে যাওয়ার কালে উদ্ধার করা হয় আরও ১৭ জনকে।

ঢাকার পর্যটক আহসান শাওন বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সবাইকে বিমুগ্ধ করে। তাই ভ্রমণ বললেই, প্রথম পছন্দ কক্সবাজারের সৈকত ও বেলাভূমি। সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে সৈকত, বেলাভূমিসহ সকল পর্যটন অনুষঙ্গে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু গোসলে ভেসে যাওয়াদের উদ্ধারে কাজ করা লাইফগার্ডরা বেসরকারি অর্থায়নে সেবা দিয়ে আসছিল জানা ছিল না।

তিনি বলেন, বিকশিত পর্যটনকে সমৃদ্ধ করতে সৈকতে গোসলকালীন পর্যটক নিরাপত্তায় লাইফগার্ড সেবা সচল রাখার দায়িত্ব জেলা প্রশাসন বা বিচ ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধানে নেওয়া দরকার। নতুবা ধীরে ধীরে নিজস্ব স্বকীয়তা হারাবে কক্সবাজারের পর্যটন।

সি-সেইফ লাইফগার্ড সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, তহবিল সংকটে গত বছরের ডিসেম্বর মাসে সি-সেইফ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছিল। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কক্সবাজারের জেলা প্রশাসকের তৎপরতায় দাতা সংস্থা প্রকল্পের মেয়াদ গত জুন পর্যন্ত ছয় মাস বাড়ায়। এরপর দ্বিতীয় দফায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও তিন মাস বাড়ানো হয়। অর্থের যোগান না হওয়ায় চলতি সেপ্টেম্বরেই লাইফগার্ড সেবা বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানে ২৭ জন লাইফগার্ড কর্মীসহ ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা হিসেবে মাসে গড়ে ১৪ লাখ টাকা যোগান দিত সংস্থাটি। বছরে লাগত দেড় কোটি টাকার মতো।

গত ২৮ আগস্ট কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সন্ধ্যায় পর্যটনের স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে বন্ধের পথে থাকা সৈকতের লাইফগার্ড ইস্যুটি আলোচনা হয়। কিন্তু সরকারি অর্থায়নের যোগানের পরিবর্তে বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বসে করণীয় নির্ধারণে জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে যান তিনি। কিন্তু এরপর আর কোনো বৈঠক হয়নি। সিদ্ধান্ত না এলেও কার্যক্রম বন্ধের দিনক্ষণ দ্রুতই এগিয়ে আসছে।

লাইফগার্ড হিসেবে সেবা দেওয়া নাইক্ষ্যংছড়ির জয়নাল আবেদীন বলেন, লাইফগার্ডের প্রশিক্ষণ নেওয়ার পর থেকে গত এক যুগ এটা করেই সংসার চালিয়েছি। সমুদ্রে কোনো পর্যটক ভেসে গেলে আমরা ঝুঁকি নিয়ে জীবন বাঁচাই, এখন আমাদের জীবনটাই ঝুঁকিতে পড়ে গেলো। দীর্ঘ এ সময়ে ১০ মরদেহ উদ্ধারের পাশাপাশি একাই ৯৮ পর্যটকের প্রাণ বাঁচাতে পেরেছি। এখন আমাদের বাঁচানোর কেউ নেই। হঠাৎ অন্য পেশায় থিতু হতেও সময় লাগবে, লাইফগার্ডের প্রশিক্ষণ নিয়ে সেটা কাজে লাগাতে না পারলে খারাপই লাগবে।

আরেক লাইফগার্ড কর্মী বান্দরবানের লামার আকরাম ত্রিপুরা বলেন, গত প্রায় একযুগ লাইফগার্ড হিসেবে সৈকতে সেবা দিচ্ছি। ২০ হাজার টাকা বেতনে স্ত্রী ও সন্তান নিয়ে শহরের লাইটহাউসে ভাড়া বাসায় থেকে সংসার টানতে হিমশিম খেতাম। চাকরিহীন আগামী মাস থেকে কীভাবে সংসার চালাবো ভেবে পাচ্ছি না।

বিচ ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধায়ক ও এডিএম মো. শাহিদুল আলম বলেন, তহবিল সংকটের কারণে লাইফগার্ড সেবা সেপ্টেম্বরে বন্ধ হওয়ার বিষয়টি পর্যটন মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা হলো, সৈকত এলাকার হোটেলগুলোর মাধ্যমে লাইফগার্ড সেবা চালু রাখতে হবে। এক্ষেত্রে সৈকত এলাকার তারকা হোটেলগুলো তিনজন এবং ছোট হোটেলগুলোকে একজন করে লাইফগার্ডের বেতন পরিশোধ করতে হবে। হোটেল ব্যবস্থাপনার নীতিমালায় লাইফগার্ড পরিচালনার বিষয়টি উল্লেখ আছে। নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত বর্তমান লাইফগার্ডদের অগ্রাধিকার দেওয়া যায়।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
শেয়ার করুন

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা রয়েছে।

 

সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

 

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

 

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

 

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আয়োজনে এসব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, যার মধ্যে অংশ নিয়েছিল ৫৪৮ জন ছাত্রী। মোট ১০২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের ৫৪৮জনকে ডেকে নিয়ে বাইসাইকেল উপহার দিচ্ছি।

এছাড়া যে প্রতিষ্ঠানে এই বাইসাইকেল প্রদানের আয়োজন করা হয়, তাদেরসহ প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। কেউ কেউ স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।