খুঁজুন
, ,

পদ হারানো জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
পদ হারানো জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসী
শেয়ার করুন

মাদারীপুরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি পাওয়া জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার নেতা তাইজুল ইসলামের বসতঘর গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) সকালে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তাইজুল ইসলাম নিলখী ইউনিয়নের জামায়াতের নেতা ছিলেন। স্থানীয়রা তাকে ইউনিয়ন আমির হিসেবে জানতেন।

এসময় ব্যানার হাতে তাইজুল ইসলামের শাস্তির দাবিতে কয়েকশ নারী-পুরুষ একত্রিত হন। পরে তাদের মধ্য থেকে বসতঘরে ভাঙচুর চালান কয়েকজন।

এদিকে, অভিযুক্ত তাইজুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি করে আসছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ওই ইউনিয়নে জামায়াতের প্রচার-প্রচারণার দায়িত্ব পালন করে আসছিলেন।

গত রোববার তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এর আগে, ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়।

এদিকে, তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকার লোকজন একটা মানববন্ধন করে বলে জানতে পারি। পরে কিছু লোক ঘরবাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ পাবেন তিনি।’

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা চালক, বর্তমান যারা চালাচ্ছেন বৈধ হোক অবৈধ হোক, আপনারা আতঙ্কিত হবেন না। আমরা পর্যায়ক্রমে নিবন্ধন দেবো এবং অবৈধগুলো সরিয়ে দেবো।’

জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ৭০০ ই-রিকশা থাকার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উত্তরের প্রশাসক বলেছেন যে জামায়াতের সেক্রেটারি জেনারেলের নাকি ৭০০ ই-রিকশা আছে। তাহলে আমি জামায়াতের সেক্রেটারিকেও বলবো, আপনিও আতঙ্কিত হবেন না। আপনি পাঁচটা নিবন্ধন পাবেন বৈধভাবে, যদি আপনি নিতে চান। আর বাকিগুলো আপনাকে অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।’

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ পুলিশের গাড়িতে আগুন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ পুলিশের গাড়িতে আগুন
শেয়ার করুন

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আজ রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ দ্য ডেইলি স্টারকে স্টেশনগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

এর আগে, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক
শেয়ার করুন

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসাব।

অসুস্থতার খবর জানার পরই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। আর সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম!

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন হিনা। সেখানেই নিজের বিয়ের পেছনের গল্প শোনান অভিনেত্রী। জানান, দীর্ঘদিনের সম্পর্ক হলেও বিয়ে নিয়ে কখনো আলাদা করে পরিকল্পনা করেননি তারা।

কিন্তু ক্যান্সার ধরা পড়ার পর জীবনের অনিশ্চয়তা তাকে নতুন করে ভাবতে বাধ্য করে।

হিনা জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। জীবনের কঠিন সেই সময়েই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন দুজন।

অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে পুরোনো স্মৃতিতে ফিরে যান হিনা। জানান, সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে বিয়ের কোনো প্রস্তুতি বা আয়োজন ছিল না তাদের। দীর্ঘ ১০ বছরের বেশি সময়ের সম্পর্ক একপর্যায়ে ১৩-১৪ বছরে গড়ায়। তবু বিয়ের কথা ভাবেননি তারা।

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? এর ব্যাখ্যায় হিনা জানান, শারীরিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন তিনি। হয় তাকে ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করতে হবে, পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে; নয়তো তাকেই বিয়ে করতে হবে। কারণ, পরদিন কী ঘটবে, সে নিশ্চয়তা তার কাছে ছিল না।

 

হিনার এই কথায় স্পষ্ট হয়ে ওঠে অসুস্থতার সময় জীবনের অনিশ্চয়তা এবং ভালোবাসার মানুষটিকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা। তার প্রস্তাবে সম্মতি জানান রকিও। এরপর আর দেরি করেননি তাঁরা।

 

অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সত্যিই কি মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে সম্পন্ন হয়েছিল বিয়ের আয়োজন।

 

ক্যান্সারের মতো কঠিন বাস্তবতার মুখেও ভালোবাসা ও সম্পর্কের প্রতি এমন সিদ্ধান্ত হিনার জীবনের এক আবেগঘন অধ্যায় হয়ে রয়েছে। তার এই গল্প নতুন করে আবেগাপ্লুত করেছে ভক্তদের।