বাংলাদেশ ছাত্রপক্ষের কক্সবাজার সদর উপজেলা আহ্বায়ক শাহিন
বাংলাদেশ ছাত্রপক্ষের কক্সবাজার সদর উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিন। শনিবার সংগঠনটির পক্ষ থেকে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি ঘোষণার পর ছাত্রপক্ষের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, শিক্ষা, সাম্য, অধিকার বাংলাদেশ ছাত্রপক্ষের অঙ্গীকার। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের ছাত্রসমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখে ছাত্রপক্ষ একটি অধিকারভিত্তিক, ন্যায্য ও সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষুদ্র পরিসর থেকে শুরু হলেও বাংলাদেশ ছাত্রপক্ষের লক্ষ্য স্থায়ী ও সুদূরপ্রসারী। ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারের পক্ষে কথা বলাই সংগঠনটির মূল প্রতিশ্রুতি।
কক্সবাজারে জেলা কমিটি ঘোষণার পর এবার সদর উপজেলা কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হলো। নেতৃবৃন্দ বলেন, “স্বৈরাচার সরকারকে দেশ থেকে তাড়াতে আমরা সক্ষম হয়েছি, কিন্তু এখনো একটি প্রকৃত স্বৈরাচারমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে পারিনি। সেই লক্ষ্যেই ছাত্রপক্ষের অগ্রযাত্রা।”
তারা আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশ হবে ছাত্রপক্ষের আলোকিত বাংলাদেশ—যেখানে প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।

আপনার মতামত লিখুন