‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের প্রতিনিধি। একজন ভিক্ষুকের কথাও আপনারা যেভাবে তুলে ধরতে পারেন, একজন রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা কিংবা আইনজীবী সেভাবে পারেন না বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
তিনি বলেন, যখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল, তখন পৃথিবীর সব আলোচনার টেবিল ব্যর্থ হয়ে গিয়েছিল। মার্কিন সৈন্যরা যখন নির্বিচারে মানুষ হত্যা করছিল, তখন দেশটির একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয় নাপাম বোমা। সেই বোমার আগুনে একটি মেয়ের পুরো শরীর জ্বলছিল। অথচ নিজের শরীর পুড়ে যাওয়ার দিকে তার কোনো খেয়াল ছিল না। তার চোখ ছিল আকাশের দিকে, আতঙ্কে দেখছিল আর কোনো বোমা পড়ছে কি না। একপর্যায়ে সে দৌড়ে গিয়ে একটি নদীতে ঝাঁপ দেয়। সেই ভয়াবহ মুহূর্তের ছবিটি রয়টার্সের একজন সাংবাদিক তার গণমাধ্যমে প্রকাশ করলে তা নাড়িয়ে দেয় বিশ্ববিবেক। একজন সাংবাদিকের তোলা সেই একটি ছবি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এভাবেই একজন সাংবাদিকের ক্যামেরায় ধারণ করা একটি ছবি ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে।’
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান।
তিনি বলেন, ‘আপনি একটা আমার বিরুদ্ধে নিউজ করেছেন, আমি আপনাকে গালি দিয়েছি; কিন্তু পাঁচ হাজার মানুষ খুশি হয়েছে। আমার ২৩ বছরের আইন পেশার জীবনে কোনো সাংবাদিকের মামলা পরিচালনা করতে গিয়ে কখনো টাকা নিই নি। ভবিষ্যতেও সাংবাদিকতা করতে গিয়ে কোনো নিরীহ সাংবাদিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হলে আমার চেম্বারে যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্ট সাংবাদিকের মামলা বিনা খরচে পরিচালনা করবো।’
তিনি আরও বলেন, ‘কোনো সাংবাদিক কিংবা তাদের পরিবারের সদস্যদের মামলা উচ্চ আদালত পর্যন্ত গড়ালেও আইনি সহায়তা দেওয়া হবে। আমার জুনিয়র আইনজীবী নাজিয়া জাহান চাম্পা, যিনি সংসদ সদস্য শাহজাহানের মেয়ে এবং হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত, তার মাধ্যমেও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হবে।’
নিজের চেম্বারে মুক্তিযোদ্ধা ও এতিমদের মামলাও বিনা খরচে পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যেন আইনি হয়রানির শিকার না হন, সে ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।’
কক্সবাজারের সম্ভাবনা ও সংকট তুলে ধরে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘এ জেলায় বিশ্ববিদ্যালয়, পর্যটনশিল্প, মেরিন ড্রাইভসহ নানা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু সীমান্তকেন্দ্রিক মাদক কারবার সেই সম্ভাবনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’
এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘সাংবাদিকতার ক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করা উচিত। সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের ভাবতে হবে, তাদের কাজ কক্সবাজারের মানুষের কতটা উপকারে আসছে। সত্য তুলে ধরার পাশাপাশি অযথা জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন সংবাদ পরিবেশন থেকেও সতর্ক থাকতে হবে।’
এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিকে ৩৬৫ দিনের পথচলার গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিযোগিতাপূর্ণ বর্তমান সময়ে একটি অনলাইন সংবাদমাধ্যমের এক বছর টিকে থাকা এবং পাঠকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা সহজ নয়। সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে এনপিবি ইতিমধ্যে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।’ তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী, ওসি (তদন্ত) প্রতুল দাশ, সিটি কলেজের অধ্যাপক মঈদুল হাসান পলাশ, এনটিভির কক্সবাজার প্রতিনিধি একরাম চৌধুরী টিপু, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহিম শাহিন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার এম আর খোকন, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক যায়যায়দিনের কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিয়া জাহান চাম্পা, কক্সবাজার নিউজের (সিবিএন) নির্বাহী সম্পাদক ইমাম খাইর, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশের কক্সবাজার অফিসপ্রধান এইচ এম সেলিম উল্লাহ, দৈনিক সময়ের আলোর কক্সবাজার প্রতিনিধি আমিরুল ইসলাম মো. রাশেদ, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, দৈনিক আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ মিজান, ঢাকা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি জাহাঙ্গীর আলম শামস, বিচ টিভির সিইও সোহেল, প্রাইম টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল আফ্রিদি, দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজার প্রতিনিধি মো. রাশেদ, এনপিবির কক্সবাজার প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, চকরিয়া প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার সিকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন